সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) নিয়ে রাজ্যের মহিলাদের মনে হাজারও একটা প্রশ্ন। ১ কোটি ৯ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে জুলাই মাসে টাকা ঢুকলেও সিংহভাগের অভিযোগ, এখনও পর্যন্ত অ্যাকাউন্টে কানাকড়ির দেখা মেলেনি, এবং আবেদন বাতিল হয়েছে। যদিও পুনরায় ভেরিফাই করার পরেও এখনও পর্যন্ত তা অ্যাপ্রুভড করা হয়নি। এ বিষয়ে এবার রাজ্য সরকার বড় আপডেট দিল। দুশ্চিন্তার কোনও কারণ নেই। টাকা না পেলেই যে আবেদন বাতিল হয়েছে এমন ভাবার কোনও কারণ নেই। জানাল রাজ্য সরকার।
অন্নপূর্ণ ভাণ্ডার নিয়ে বড় আপডেট
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী, ১ জুলাই রাজ্যের ১ কোটি ৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পাঠানো হয়েছে। পাশাপাশি ২৮ লক্ষ আবেদন বাতিল হয়েছে, এবং বাকি প্রায় ২৬ লক্ষ আবেদন যাচাই পর্যায়ে রাখা হয়েছিল। কিন্তু তাদের বেশিরভাগের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়। যদিও পরে আবার আন্ডার এনকোয়ারি পর্যায়ে আনা হয়েছে। পাশাপাশি পুরসভা, বিডিও অফিসের তরফ থেকে চলছে ভেরিফিকেশন। তবে যাদের এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে তাদের চিন্তার কারণ নেই। যাচাই সম্পন্ন হলেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলেই জানিয়েছে রাজ্য সরকার।
এমনকি প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের গরমিল কিংবা ডিবিটি না থাকার কারণে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। পাশাপাশি প্রকল্পের নির্ধারিত শর্ত পূরণ না করতে পারলেও অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তবে যারা টাকা পাননি তারা সরাসরি অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। সেখানে Approved, Pending Verification, Rejected অথবা Payment Under Process চারটি অপশনের মধ্যে যে কোনও একটি দেখতে পাবেন।
কিন্তু হ্যাঁ, আবেদন বাতিল হলে তার স্পষ্ট কারণ দেখানো হবে রাজ্য সরকারের তরফ থেকে, এমনটাই সম্প্রতি জানানো হয়েছে। পাশাপাশি সংশোধনের সুযোগ হয়তো দেওয়া হবে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জারি করা হয়নি। কিন্তু অনুমান করা হচ্ছে, আবারও প্রয়োজনীয় তথ্য সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ দেবে রাজ্য সরকার।










