অনন্যা সরকার, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার আসার পরেই পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ করে পশ্চিমবঙ্গকে আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat) সঙ্গে যুক্ত করা হয়। এ রাজ্যের প্রায় ৬.৫ কোটি মানুষকে এই প্রকল্পের অধীনে আনার কথা ঘোষণা করা হয়েছে। তবে আয়ুষ্মান ভারত প্রকল্পের শর্তগুলির কারণে রাজ্যের অনেকেই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাঁদের কথা চিন্তা করেই ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ (Mukhyamantri Swasthya Bima Yojana) চালু করার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার জারি হয়েছে এই প্রকল্পের বিজ্ঞপ্তি। এতে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে। কারা পাবেন না এই সুবিধা (Eligibilty), তাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। আসুন জেনে নেওয়া যাক।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন না কারা?
রাজ্য সরকারের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, যেসমস্ত পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি, তারা এই স্বাস্থ্যবিমা পাবেন না। চাকুরিরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী, যারা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম, ২০০৮-এর আওতায় রয়েছেন, তাঁদের দেওয়া হবে না এই সুবিধা। কেন্দ্রের স্বাস্থ্য স্কিম, ১৯৫৪-এর আওতায় থাকা কর্মরত বা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী এবং যারা গ্রুপ মেডিক্যাল ইনস্যুওরেন্সের আওতায় রয়েছেন, তারাও পাবেন না ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-এর সুবিধা।

আরও পড়ুন: বকেয়া DA-র দাবিতে চড়ল সুর, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের
এর পাশাপাশি, সরকার যাদের আগে থেকেই মেডিক্যাল অ্যালাওয়েন্স দেয়, তাঁদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে না। পরিবারের যেসব সদস্যের বয়স ৭০ বছরের বেশি তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। কারণ, ৭০ উর্ধ্ব সকল ব্যক্তিকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আয়তায় আনা হচ্ছে। এছাড়া, এসআইআর (SIR) প্রক্রিয়ায় যাদের নাম কাটা গিয়েছে, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার জন্য আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন: ১২ বছর অন্ধকারে ডুবেছিল পরিবার, শুভেন্দুর দরবারে যেতেই ১২ দিনে মিলল বিদ্যুৎ
প্রসঙ্গত, পূর্বতন সরকারের আমলে রাজ্য ও কেন্দ্র সরকারের দ্বন্দ্বে বহু বছর ধরে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প এরাজ্যে চালু হচ্ছিল না। তবে ২০১৬ সালে তৎকালীন তৃণমূল সরকার রাজ্যবাসীদের স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা দেওয়ায় লক্ষ্যে চালু করে স্বাস্থ্যসাথী প্রকল্প। প্রতিটি পরিবারের মহিলাদের নামে কার্ড থাকতো, যা দেখিয়ে বিনাখরচে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করানো যেত। এবছর পালাবদলের পরই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয় বাংলায়। পাশাপাশি এখন ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-এর সুবিধাও পাবেন রাজ্যবাসী।










