অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফের পুলিশ ও দমকল, এবার কী কারণে?

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: বৃহস্পতিবারের পুনরাবৃত্তি ঘটল আজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে ফের পুলিশ। সেদিন পুরসভার আধিকারিকরা পুলিশ বাহিনী নিয়ে গিয়ে কার্যালয়ের বিলবোর্ড খুলতে বাধ্য করেছিল। এমনকি আদালত পর্যন্ত দৌড়েও সুরাহা পাননি যুবরাজ। তবে সোমবার ফায়ার অডিট এবং বিল্ডিং প্ল্যান যাচাই করতে পুলিশ ও দমকল বাহিনীর একটি যৌথ দল আচমকা ক্যামাক স্ট্রিটের ওই পার্টি অফিসে হাজির হয়। এ নিয়ে রাজনৈতিক মহলে ফের ছড়িয়েছে উত্তেজনা।

পুনরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে পুলিশ

বৃহস্পতিবার কোনওরকম নোটিশ ছাড়াই অভিষেকের পার্টি অফিসে হাজির হন পুরসভার আধিকারিক এবং পুলিশ বাহিনী। কার্যালয়ের উপরে অবৈধ বিলবোর্ড খোলার দাবি জানান তাঁরা। প্রথমে তৃণমূল সাংসদদের সঙ্গে বাকবিতণ্ডা হলেও পরে জোরপূর্বক তাঁরা ভিতরে ঢুকে ওই বিলবোর্ড খুলে ফেলেন বলেই অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কর্মীরা। এমনকি তাঁদের আটকে পর্যন্ত রাখা হয়েছিল। এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের আইনজীবী কিশোর দত্ত। তবে বিচারপতি রাজা বসু চৌধুরী কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ না দিয়ে জানিয়ে দেন, যেহেতু বিলবোর্ড ইতিমধ্যেই খোলা হয়েছে, তাই এই মামলা অপ্রাসঙ্গিক।

এদিকে সেই ঘটনায় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় অভিষেকের হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও তৃণমূল সাংসদের তরফে কলকাতা পুলিশের কাছে একটি ইমেইল পাঠিয়ে দাবি করা হয়েছে, যে নোটিশ কপি তাঁকে দেওয়া হয়েছিল তা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে নেই। এমনকি ওই একই মামলায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে থানায় তলব করা হলে তিনি অতিরিক্ত ৭ দিন সময় চেয়ে নেন।

আরও পড়ুন: এই কর্মীদের অ্যাকাউন্ট থেকে প্রতিমাসে কাটা যাবে বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

সূত্রের খবর, আজ পুলিশের একটি বিশেষ দল দমকল বাহিনী নিয়ে ওই দলীয় কার্যালয়ে হাজির হয় ফায়ার অডিট এবং বিল্ডিং প্ল্যান যাচাই করার জন্য। দমকল আধিকারিকদের দাবি, “মূল প্ল্যানে এই অংশের উল্লেখ নেই। আমাদের অনুমতি নেই। অফিসের নিচে শেড কেন?” পুলিশের দাবি, ফায়ার অডিটের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। আধিকারিকদের তরফ থেকে বলা হয়েছে, বিল্ডিং-র চারপাশ খতিয়ে দেখতে, এবং বাইরের কোনও অংশে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

google button