বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই রেহাই পাচ্ছেন না তৃণমূলের কেউই! এবার স্বয়ং কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) বাড়িতে হানা দিল পুলিশ। জানা যাচ্ছে, রবিবার তৃণমূল বিধায়কের কামারহাটির বাড়ির দরজায় হাজির হন পুলিশ কর্মীরা। সূত্রের খবর, গতকাল অর্থাৎ শনিবার সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হওয়া হামলার প্রতিবাদে নিজের এলাকায় প্রতিবাদ মিছিল করেছিলেন মদন মিত্র। সেখান থেকেই, শাসক দলকে নিশানা করে একাধিক মন্তব্য করেন তিনি। বলেন, “আমাদেরকে ফেলে পেটাও! আমরা পাল্টা প্রত্যাঘাত করবো না।” এবার সেই ঘটনার পর পরই মদন মিত্রের বাড়িতে পৌঁছল পুলিশ।
দরজা ভেঙে মদনের বাড়িতে ঢুকলো পুলিশ
রবিবার, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে মদন মিত্রর কামারহাটির বাড়ির সামনে হাজির হয় বিরাট পুলিশ বাহিনী। তবে সেই সময় তৃণমূল বিধায়কের বাড়ির দরজায় তালা লাগানো ছিল। জানা গিয়েছে, এই সময় বিধায়ক নিজেও বাড়িতে উপস্থিত ছিলেন না। সে কারণেই একেবারে দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে যায় পুলিশ। সূত্রের যা খবর, মদন মিত্রর বাড়ির ভেতরে বিভিন্ন ঘরে এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানোর পর পুনরায় দরজা লক করে চলে যায় পুলিশ।
কী কারণে এমন অভিযান?
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ঠিক কোন কারণে হঠাৎ মদন মিত্রর বাড়িতে হানা দিল পুলিশ। তদন্তকারীদের একটি সূত্র বলছে, কামারহাটিতে তৃণমূল বিধায়ক মদন মিত্রর যে বাড়ি রয়েছে সেই উদয় ভিলার ভেতরেই রয়েছে একটি দলীয় কার্যালয়। সেই কার্যালয় নিয়েই নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই মদনের বাড়িতে হানা দেয় পুলিশ।
অবশ্যই পড়ুন: বিশ্বে প্রথম বোলার হিসেবে অভিষেক ম্যাচে এমন ইতিহাস, পাকিস্তান পেল নতুন সুপারস্টার
জানা গিয়েছে, মদন মিত্রর কামারহাটির বাড়িটি যেখানে তৈরি করা হয়েছিল সেই জমি আসলে কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন এক সংস্থার। প্রশ্ন উঠছে, কীভাবে কোনওরকম অনুমতি ছাড়া অবৈধভাবে কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন সংস্থার জমিতে বাড়ি নির্মাণ করলেন তৃণমূল নেতা? এক কথায়, উদয় ভিলার গোটা সম্পত্তির প্রকৃত মালিক মদন মিত্রই নিজে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন নথিপত্র। সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূল বিধায়ক মদন মিত্র এই মুহূর্তে তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনে রয়েছেন।










