প্রীতি পোদ্দার, কলকাতা: খবর খুললেই বিদ্যুৎ চুরির একাধিক অভিযোগ প্রায় সময়ই শোনা যায়! হুকিং করে রীতিমত বিদ্যুৎ চুরির করে চালানো হয় এসি, পাম্প, ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ একাধিক যন্ত্র। তবে আর নয়, এবার এই বেআইনি কাজ বন্ধ করতে এবং হুকিং এর মাধ্যমে বিদ্যুৎ চুরি ঠেকাতে এবার ‘বিদ্যুৎ প্রহরী’ (Vidyut Prahari App) অ্যাপ চালু করতে চলেছে নয়া বিজেপি সরকার (Government Of West Bengal)। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অ্যাপের উদ্বোধন করতে চলেছেন।
বিদ্যুৎ চুরি রুখতে আনা হচ্ছে নয়া অ্যাপ
বাম তৃণমূলের জমানায় থেকে প্রায় সময়ই অভিযোগ উঠে আসে যে হুকিং করে বিদ্যুৎ চুরি করা হচ্ছে, এই নিয়ে বিদ্যুৎ আধিকারিকেরা একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। তাই এবার বিজেপি সরকার আসতেই বিদ্যুৎ চুরি ঠেকাতে নেওয়া হল বড় পদক্ষেপ। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার, বিদ্যুৎ ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানেই উদ্বোধন করা হবে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কোথাও বিদ্যুৎ চুরি কিংবা হুকিং হলে সেই তথ্য সরাসরি দপ্তুরে জানাতে পারবেন। তবে যিনি তথ্য দেবেন তাঁর পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। আর অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গেই আধিকারিকরা তৎক্ষণাৎ পদক্ষেপ নেবেন।
২৪ ঘণ্টা চালু থাকবে এই অ্যাপ
বিভিন্ন জায়গায় কেবল বসানোর পরও চুরি ঠেকানো যাচ্ছে না। বিভিন্ন কৌশলে বিদ্যুৎ চুরি হচ্ছে। বারবার টহলদারি করা হলেও কোনো কাজে আসছে না। তাই সেই দুর্নীতি রুখতে নিয়ে আসা হল রাজ্য সরকারের এই বিশেষ অ্যাপ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ প্রহরী অ্যাপ যে কেউ ডাউনলোড করতে পারবেন। বিদ্যুৎ ভবনের আধিকারিকরা ২৪ ঘণ্টা অ্যাপের উপর নজরদারি চালাবেন। তবে শুধু নালিশ বা অভিযোগ জানানোর জন্যই যে এই অ্যাপ তা নয়, এর পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত তথ্যও দপ্তরে জানাতে পারবেন গ্রাহকরা। বিদ্যুৎদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এখনও এক শ্রেণির ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক বিভিন্ন কৌশলে বিদ্যুৎ চুরি করছেন। সেই কারণেই এই নয়া অ্যাপ আনা হয়েছে।
আরও পড়ুন: পুরনো সরকারের আমলে পুলিশে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশ্ন, রিপোর্ট তলব নবান্নের
যেহেতু, খোলা তারে সহজেই হুকিং করা যায় তাই কেবলের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু গ্রামে কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আগামীদিনে রাজ্যের প্রতিটি গ্রামেই কেবল নির্ভর বিদ্যুৎ সরবরাহ করা হবে। তবে এসব ছাড়াও বর্তমানে সরকার, সোলার প্যানেলে জোর দিতে চাইছে। এর ফলে বিদ্যুতের খরচ অনেকটাই কমে যাবে। ইতিমধ্যেই এই প্রকল্প বাস্তবায়িত করতে সরকার ভর্তুকিও দিচ্ছে। আপাতত এই অ্যাপে বেশি নজর রাখা হচ্ছে। এখন দেখার বিদ্যুৎ চুরি বন্ধ করতে বিজেপি সরকার কতটা সাফল্য অর্জন করতে পারে।










