শহীদ দিবসের আগেই একুশের গণহত্যার রিপোর্ট পেশ করবে শুভেন্দুর সরকার

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সভা নিয়ে এমনিতেই উত্তাল রাজ্য-রাজনীতি। তবে তার আগেই বিধানসভায় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ১৯৯৬ সালের ২১ জুলাই সেই কালিমালিপ্ত দিনের ঘটনার তদন্তে প্রয়াত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ পেশ করবেন মুখ্যমন্ত্রী। এমনকি আজই তা পেশ করা হবে বলে জানানো হয়েছে। আসলে তৎকালীন সময়ে তৃণমূল সরকার সেই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনেনি। এবার তা উদঘাটন করতে চলেছে রাজ্য সরকার।

২১ জুলাইয়ের আগেই চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই পালনের অনুমতি প্রথম থেকে দেয়নি কলকাতা পুলিশ। ক্ষমতা হারানোর পর এই প্রথমবার শহীদ দিবস তাদের। কিন্তু শেষমেষ বিড়লা প্লানেটারিয়ামের পাশে সভামঞ্চ ঠিক করা হয়। আর সেই সভার একদিন আগেই ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। তৎকালীন সময়ে অর্থাৎ ১৯৯৩ সালের ২১ জুলাই কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়। কিন্তু সেই অভিযানে গুলি চালায় পুলিশ। এতে ১৩ জন কংগ্রেস নেতার মৃত্যু হয়। অভিযোগের তীর ওঠে বাম সরকারের বিরুদ্ধেই।

তারপর থেকে জল অনেক দূর গড়িয়েছে। বাম রাজত্বের অবসান ঘটিয়ে ২০১১ সালে ক্ষমতায় ফেরে তৃণমূল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ঘটনার তদন্ত কমিশন গঠন করা হয়। এমনকি সেখানে বামফ্রন্টের নেতা-মন্ত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি বুদ্ধদেব ভট্টাচার্যকেও হাজিরা হতে বলা হয়েছিল। তবে এই কমিশনের নেতৃত্ব ছিলেন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। সেই সময় মোট ৩০০ জনের বেশি সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছিল ওই কমিটি। তবে ওই কমিশনের রিপোর্ট বিধানসভায় একবারও পেশ করেনি মমতার সরকার। এবার সেই কাজই করে দেখাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: আমেরিকা নয়, SSKM-এ হবে চোখের চিকিৎসা, অভিষেককে শর্ত বেঁধে দিল হাইকোর্ট

আসলে কমিশন গঠন করা হলেও দোষী পুলিশদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলেই প্রশ্ন থেকে গিয়েছে। নিহতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা এবং আহতদেরকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার সুপারিশও করা হয়। এই রিপোর্ট জমা দেওয়া হয়েছিল ২০২৪ সালে। কিন্তু বিধানসভায় যেহেতু তা পেশ করা হয়নি, তাই এবার সেই রিপোর্ট প্রকাশ্যে আনবেন বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে ২১ জুলাইয়ের আগে যে এই রিপোর্ট বেশ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।