বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর উভয় বিধানসভা কেন্দ্র থেকে নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়লাভ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে নিয়ম অনুযায়ী, নন্দীগ্রাম আসন ছাড়তে হয়েছে তাঁকে। সেখানেই এবার হবে উপনির্বাচন। ঠিক তার আগেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। একই সাথে স্বনির্ভর গোষ্ঠীর জন্যও আর্থিক ঘোষণা করলেন তিনি।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা
রাজ্য সরকারের নির্দেশের পরই আগস্ট মাসের 17 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন বহু মহিলা। তবে অনেকেরই অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও এই বিশেষ প্রকল্পের আওতায় মেলেনি ভাতা। যার কারণে সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলারা। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে আশ্বস্ত করে জানানো হয়েছিল, যোগ্য প্রত্যেক মহিলা এই প্রকল্পের অর্থ পাবেন। কাউকে বঞ্চিত করা হবে না। এমতাবস্থায়, নন্দীগ্রামে পৌঁছে সোমবার অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এদিন, উপনির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামে পৌঁছেই অন্নপূর্ণা যোজনা নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, নন্দীগ্রামের অন্তত 67 হাজার মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় 3,000 টাকা করে দেওয়া হয়েছে। আরও 5 হাজার মহিলার আবেদন বর্তমানে যাচাইয়ের পর্যায়ে রয়েছে। তাঁরাও প্রায় প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় মাসিক ভাতা পেয়ে যাবেন।
আরও পড়ুন: মমতা-অভিষেকের নামে FIR, “কাউকে ছাড়া হবে না” জানালেন মুখ্যমন্ত্রী
30 হাজার টাকা করে দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীকে
এদিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে ভিবিজি রামজি প্রকল্পে জব কার্ডের অধীনে 125 দিনের কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী। একই সাথে, প্রত্যেক স্বনির্ভর গোষ্ঠীকে 30 হাজার টাকা করে ট্রান্সফার করার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও এদিন আয়ুষ্মান ভারত নিয়ে কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, যাঁরা তাঁকে ভোট দেননি তাঁরাও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের আওতায় না থাকলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার অধীনে চিকিৎসা পরিষেবা মিলবে।










