অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাতা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এমনকি পৌরসভা, বিডিও অফিস পর্যন্ত ঘেরাও করছেন তাঁরা। যোগ্য বহু মহিলার নাম এই প্রকল্প থেকে বাদ গিয়েছে বলেই অভিযোগ। তবে ইতিমধ্যেই আগস্ট মাসে ভেরিফাই করে যোগ্যদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে ৩০০০ টাকা। তবে যাঁদের টাকা ঢোকেনি, তাঁদের ফের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

শহরের এক প্রথম সারির সংবাদমাধ্যমের কনক্লেভ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “অন্নপূর্ণা নিয়ে চিৎকারের কিছু নেই। ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জন মহিলাকে দিয়েছি। লাগলে আরও মহিলারা পাবেন। কিন্তু প্রকৃত লোকেরা পাবেন। বিগত সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে ৩ লক্ষ পুরুষও পেতেন। এসআইআর-এ নাম বাদ গিয়েছে, এমন অভারতীয়রাও পেতেন। হ্যাঁ, বোন আপনি হাসছেন… আরও একটা শুনলে আরও হাসবেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিধবা ভাতা পেতেন এক পুরুষ। তিনি আবার তৃণমূলের নেতা।”

এমনকি সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “আরও যদি ২০-৩০ লক্ষ লাগে, আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। ১ কোটি ৪৫ লক্ষ মা-বোন-দিদিকে টাকা দিয়েছি। জুনে ২৮ লক্ষ। কারণ তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে দিয়েছি ১ কোটি ১৯ লক্ষ। এ মাসে ১ কোটি ৪৫। এটাও কথা দিয়ে গেলাম, যাঁরা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন, বা প্রকৃত পাওয়ার হকদার, তাহলে আরও যদি ২০-৩০ লক্ষ লাগে, দেওয়ার ব্যবস্থা করব।”

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা না পেয়ে ব্লক অভিস ভাঙচুর, মারধর! গ্রেফতার ২ মহিলা সহ ৩

উল্লেখ্য, ৩১ জুলাইয়ের পর অন্নপূর্ণা যোজনার পোর্টাল বন্ধ করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। এদিকে আগস্ট মাসে তথ্য যাচাই করে ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু ১৯ তারিখ পোর্টাল খোলার পর দেখা যায়, বহু মহিলার আবেদন বাতিল হয়ে গিয়েছে। এমনকি অনেকে যোগ্য সত্ত্বেও পায়নি সুবিধা। তবে মহিলারা পথে নামলে ফের রাজ্য সরকারের তরফ থেকে ভেরিফিকেশন শুরু হয়, এবং পুরসভা, বিডিও অফিসের তরফ থেকে মহিলাদের তথ্য সংশোধন করে যোগ্যদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে টাকা। এও শোনা যাচ্ছে, ভেরিফাই করে ৩১ আগস্ট পর্যন্ত টাকা দেওয়া হবে মহিলাদের।