মেসিদের বিশ্বকাপ ফাইনালের দিনই অনাথ আশ্রমের শিশুদের বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ ফুটবল বিশ্বকাপের ফাইনাল (FIFA World Cup Final)। রাত জেগে আর্জেন্টিনা বনাম স্পেনের হাইভোল্টেজ লড়াই দেখবে গোটা বিশ্ব। বাকিদের সাথে সাথে রাত জাগবে শহর কলকাতাও। গোটা বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার মাঝে বঞ্চিত হল না শহর কলকাতার ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সেবাশ্রমের শিশুরাও। ফুটবল বিশ্বকাপ ফাইনালের দিন আশ্রমের শিশুদের জন্য বড় উপহার পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আশ্রমের শিশুদের বড় উপহার শুভেন্দু অধিকারীর

রবিবার, নিউ জার্সিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হয় সেটা দেখার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন বিশ্ববাসী। এরই মাঝে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত দক্ষিণ কলকাতা সেবাশ্রম বা অনাথ আশ্রমের শিশুদের উদ্দেশ্যে বিশেষ ফ্যান জার্সি পাঠালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে মুখ্যমন্ত্রীর তরফে বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বসিত খুদেরা।

শুধু জার্সিই নয়, আশ্রমের শিশুদের জন্য পাঠানো হয়েছে একটি চিঠিও। সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে, ফুটবলের প্রতি পশ্চিমবঙ্গের যে টান এবং গভীর অনুরাগ তা গোটা বিশ্বে পরিচিত। ফাইনাল ম্যাচের উন্মাদনা শিশুদের মধ্যে আনন্দ, অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। একই সাথে ওই চিঠিতে আবেগঘন হয়ে মুখ্যমন্ত্রী এও লিখেছেন, “দক্ষিণ কলকাতা সেবাশ্রম শুধুমাত্র একটি সাধারণ প্রতিষ্ঠান নয়, এটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত এক গৌরবময় ঐতিহ্যের ধারক।”

অবশ্যই পড়ুন: আর কয়েক ঘণ্টার মধ্যেই অবসর ঘোষণা? আবেগঘন পোস্ট মেসির

উল্লেখ্য, 1924 সালে 11 মার্চ, দেশবন্ধু চিত্তরঞ্জন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐকান্তিক প্রচেষ্টায় শহর কলকাতার বুকে গড়ে উঠেছিল দক্ষিণ কলকাতা সেবাশ্রম। এই ঐতিহাসিক প্রতিষ্ঠানে এসেছিলেন বহু গুণী ব্যক্তিত্ব থেকে শুরু করে নানান স্বাধীনতা সংগ্রামী। জানিয়ে রাখা প্রয়োজন, নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়র থাকাকালীন এই আশ্রমের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দ করেছিলেন।