সৌভিক মুখার্জী, কলকাতা: শিক্ষক দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হল লজ্জাজনক ভিডিও। শিক্ষক দিবস মানেই যেখানে ছাত্র এবং শিক্ষকের পবিত্র সম্পর্কের উদযাপন, শ্রদ্ধা আর ভালোবাসার মেলবন্ধন, সেখানে এই বিশেষ দিনই ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। আনন্দ মেতে ওঠার বদলে এক শিক্ষককেই দেখা গেল তাঁরই এক ছাত্রকে সজরে লাথি মারতে। এমনকি চড়, কিল, ঘুষিও মারতে দেখা যায় ওই শিক্ষককে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে নেটপাড়ায়।
ছাত্রকে লাথি শিক্ষকের
প্রতিবছর ৫ সেপ্টেম্বর দিনটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্ম দিবস উপলক্ষে পালিত হয় শিক্ষক দিবস। এদিন স্কুল, কলেজ কিংবা প্রাইভেট টিউশন, সব জায়গাতেই ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের সাথে আনন্দে মেতে ওঠে। কেক কাটা থেকে শুরু করে উপহার বিনিময় বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিশেষ দিনটিতে। তবে সেখানেই এরকম ন্যাক্কারজনক ঘটনা শিক্ষিত সমাজে বড়সড় প্রশ্ন চিহ্ন দাঁড় করাচ্ছে। কেন হঠাৎ ওই ছাত্রের উপর শিক্ষকের এরকম হিংসাত্মক আচরণ?
আসলে ঘটনার সূত্রপাত শিক্ষক দিবসের অনুষ্ঠান চলাকালীন। বাঁকুড়ার এক প্রাইভেট কোচিং-এ অনুষ্ঠান উদযাপনের সময় উন্মাদনার বসেই কয়েকজন ছাত্র ওই শিক্ষকের গায়ে স্নো ফোম বা স্প্রে ছুড়ে মারে। তবে ছাত্রদের এই অপ্রত্যাশিত আচরণ মোটেও ভালোভাবে নেননি শিক্ষক। মুহূর্তের মধ্যেই মেজাজ হারিয়ে ফেলেন মাস্টারমশাই। এমতাবস্থায় ক্ষোভে ফেটে পড়ে তিনি সরাসরি এক ছাত্রকে লাথি মেরে বসেন। এমনকি একাধিকবার লাথি মারেন তিনি। পাশাপাশি কিল, চড়, ঘুষিও মারতে দেখা যায় ওই ছাত্রটিকে। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
তবে ভিডিওটি ছড়িয়ে পড়তে নেটমাধ্যমে উঠছে সমালোচনার ঝড়। নেট-নাগরিকদের বড় অংশ শিক্ষকের এরকম আগ্রাসী আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন। তাঁদের মতে, ছাত্ররা ভুল করলেও একজন শিক্ষকের উচিত তাঁকে শাসন করা। কিন্তু এভাবে লাথি মারার পথ বেছে নেওয়া মোটেও উচিত হয়নি। এটি শিক্ষকসুলভ আচরণের সঙ্গে যায় না। অন্যদিকে আবার অনেকেই ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত উত্তেজনাকেই দায়ী করছে এই ঘটনার কারণ হিসেবে। তাঁদের দাবি, শিক্ষকের সম্মান বজায় রক্ষার্থে এরকম আচরণ মোটেও কাম্য নয়।










