আরও বাড়ল যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ, বড় রায় সুপ্রিম কোর্টের

Published:

Supreme Court

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে যোগ্য চাকরিহারা শিক্ষকদের সাময়িক স্বস্তি দিল সর্বোচ্চ আদালত (Supreme Court)। ১৭ হাজার শিক্ষককে বড় খবর শোনাল সুপ্রিম কোর্ট। আগে যেখানে ৩১ আগস্ট পর্যন্ত তাঁদের চাকরির মেয়াদ ছিল, সেখানে তা বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল এবার। অর্থাৎ ২০২৭-র ৩১ মে পর্যন্ত যোগ্যদের চাকরি বহাল থাকবে। নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হওয়ার জেরে আদালতে বাড়তি সময় চেয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই আর্জি শুনেই এদিন এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এটাই শেষ মেয়াদ বলেই জানানো হয়েছে।

বাড়ল যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ

তৃণমূলের আমলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। ওএমআর শিটে জালিয়াতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন হাজার হাজার শিক্ষক। এমনকি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলা গড়ায়। সেই সূত্রে সর্বোচ্চ আদালত ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেওয়ায় চাকরি হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। তবে প্রথমে ২০২৫-র ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের চাকরির ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু আগের সরকার সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করতে পারায় ফের সেই মেয়াদ বাড়িয়ে রাখা হয় ৩১ আগস্ট পর্যন্ত।

এদিকে তার মধ্যে গত মে মাসে রাজ্যে সরকারের পালাবদল ঘটে। পাশাপাশি নিয়োগ সম্পর্কিত অভিযোগের পাহাড় জমা পড়েছে, এমনটা দাবি জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে নিয়োগের জন্য আরও ৮ মাস বাড়তি সময় চাওয়ার আর্জি জানায় স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন দেবদেবার বেঞ্চে এই মামলার শুনানি হয় আজ। তবে সমস্ত দিক বিবেচনা করে আগামী ৩১ মে পর্যন্ত যোগ্যদের চাকরি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আদালত।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হিলি স্থলবন্দর, স্থগিত বাংলাদেশের সাথে ব্যবসা

তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এটাই শেষ মেয়াদ। এর মধ্যেই এসএসসি-কে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু এই রায়ের মাধ্যমে যে আরও বেশ কয়েক মাস শিক্ষকরা কাজ চালিয়ে যেতে পারবেন তা বলাবাহুল্য। অন্যদিকে গতকাল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আরও অতিরিক্ত ৮ মাস সময় চাওয়া হয়েছে আদালতে। সেই বিষয়টি বর্তমানে বিবেচনাধীন।