প্রীতি পোদ্দার, কলকাতা: সরকার বদলের পরই নতুন নির্দেশ অনুযায়ী, সরকার পরিচালিত, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্বীকৃত সব স্কুলেই প্রতিদিন প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাইতে হচ্ছে। বাদ যাচ্ছে না মাদ্রাসা বিদ্যালয়গুলিও। কিন্তু এবার এই ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গাওয়া নিয়ে বিতর্ক শুরু হল পুরুলিয়ার (Purulia) মাদ্রাসা স্কুলগুলিতে। ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগায় আপত্তি তোলেন অভিভাবকরাও।
‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক বিদ্যালয়গুলোতে
রিপোর্ট অনুযায়ী, গত ১৩ মে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরও একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এরপরই গত ১৯ মে এই নির্দেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষার ডিরেক্টরেট। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছিলেন রাজ্যের অন্যান্য সরকারি স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে যখন তাহলে মাদ্রাসাকে আলাদা রাখা হবে কেন? কিন্তু এবার রাজ্যের মাদ্রাসাগুলিতে প্রতিদিনের প্রার্থনা সভায় ‘বন্দেমাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্তকে ঘিরে নতুন করে সামাজিক বিতর্ক দানা বাঁধছে।
আপত্তি তুলছেন অভিভাবকরা
পুরুলিয়া মাদ্রাসা ইসলামিয়া হাই মাদ্রাসা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ’বন্দে মাতরম’ গান গাওয়া নিয়ে নানা সংকোচ দেখা গিয়েছিল। সাউন্ড সিস্টেমের মাধ্যমে গান চালানো হলেও উচ্চারণের একাধিক সমস্যা দেখা গিয়েছিল পড়ুয়াদের মধ্যে। শুধু তাই নয় ইসলাম ধর্মে একেশ্বরবাদের ধারণার সঙ্গে ‘বন্দেমাতরম’ এর কিছু শব্দের আপত্তির জায়গা তৈরি হচ্ছে বলে মত একাংশের। অভিভাবকরা অভিযোগ ধর্মীয় স্বাধীনতার ওপরে আঘাত হানছে এই গান। তাই তাঁরাও অসম্মতি জানিয়েছেন। এছাড়াও শিক্ষক মহলের দাবি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উপর এভাবে নির্দেশ চাপিয়ে দেওয়া উচিত কি না, তা নিয়ে আলোচনা হওয়া দরকার।
আরও পড়ুন: ৩ তারিখে থেকেই অ্যাকাউন্টে ৩০০০ টাকা, আজই চূড়ান্ত হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট
বন্দে মাতরম গানটি নিয়ে, হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানিয়েছেন প্রশাসনিক নির্দেশিকা মিলেছে, কর্তব্য পালন করতেই হবে। কিন্তু অভিভাবকরা ভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাই সরকারের উচিত পুনরায় এই বিষয়ে নিয়ে আলাপ আলোচনা করার। অন্যদিকে ছাত্র ছাত্রীরা জানাচ্ছেন তাঁরা উর্দু ভাষায় পড়াশোনা করে থাকে, কিন্তু বন্দেমাতরম গানটি সংস্কৃত ভাষায় হওয়ায় উচ্চারণ করতে অনেকটাই সমস্যা হচ্ছে। এখন দেখার প্রশাসনের তরফে এই সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয় কিনা।










