সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার বড় চমক দিল বাংলার নতুন সরকার। পেনশন প্রাপকদের উদ্দেশ্যে নতুন এক বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মীদের মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু করল নবান্ন। এপ্রিল ২০০৮ থেকে ডিসেম্বর ২০১৫ সময়কালের জন্য রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ (Dearness Relief) প্রদান করা হচ্ছে।
মহার্ঘ ত্রাণ দেওয়া শুরু করল নবান্ন
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকার পূর্বে ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সময়কালের জন্য যোগ্য পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ (DR) প্রদান করেছে। তবে এখানে রয়েছে চমক। নিশ্চয়ই ভাবছেন কী চমক? নবান্ন এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এপ্রিল ২০০৮ থেকে ডিসেম্বর ২০১৫ সময়কালের জন্য প্রাপ্য বকেয়া মহার্ঘ ত্রাণ অবিলম্বে যোগ্য রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের প্রদান প্রক্রিয়া শুরু করা হবে। এই বকেয়া DR অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর ভিত্তিতে ১০০% গণনা করা হবে।
বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
সরকার জানিয়েছে, উক্ত বকেয়া DR প্রদানের ক্ষেত্রে অর্থ দপ্তরের ১৩/০৩/২০২৬ তারিখের ৯৯৭-এফ(পি২) নম্বর স্মারকে যে যে প্রাসঙ্গিক বিধান ও পদ্ধতি উল্লেখ রয়েছে সেগুলি অক্ষরে অক্ষরে অনুসরণ করা হবে। এপ্রিল ২০০৮ থেকে ডিসেম্বর ২০১৯ সময়কালের জন্য প্রাপ্য বকেয়া DR-এর ক্ষেত্রে ভবিষ্যতে যদি কোনো কম বা বেশি অর্থপ্রদানের বিষয় শনাক্ত হয়, তাহলে এই আদেশ অনুযায়ী প্রদত্ত বকেয়া DR-এর অর্থ সেই অনুযায়ী সমন্বয় করা হবে।
আরও পড়ুনঃ উপকারী ধূমপান! সিগারেটের মসলা দিয়ে বানানো যাবে চা, আশ্চর্য আবিষ্কার হলদিয়ার যুবকের
সবথেকে বড় কথা, যেসব পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাঁদের ক্ষেত্রে এই আদেশ অনুযায়ী প্রাপ্য বকেয়া DR সংশ্লিষ্ট পেনশন বিতরণকারী কর্তৃপক্ষ নিবন্ধিত মনোনীত ব্যক্তিকে (Nominee) প্রদান করবে। কোনো মনোনয়ন না থাকলে নিয়ম অনুযায়ী উপযুক্ত আইনগত উত্তরাধিকারীদের কাছে অর্থ প্রদান করা হবে।










