পুজোর আগেই রেজাল্টের দাবিতে রাস্তায় পুলিশ চাকরিপ্রার্থীরা, অবরুদ্ধ ধর্মতলা

Published:

Protest In Kolkata

প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টে (Supreme  Court) এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে, এমতাবস্থায় রাজ্য সরকারের বিরুদ্ধে আজ কলকাতার রাজপথে প্রতিবাদে নামল পুলিশ নিয়োগের চাকরিপ্রার্থীরা (Protest In Kolkata)। রেজ়াল্টের দাবিতে বিশাল জমায়েত শিয়ালদহে (Sealdah)। সেই জমায়েত এসে পৌঁছয় ধর্মতলা। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, ‘পুজোর আগে আমাদের জয়েনিং করাতে হবে।’

রাজপথে মিছিলে নামল পুলিশ চাকরি প্রার্থীরা

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, সোমবার, রেজাল্টের দাবিতে বিশাল জমায়েত শিয়ালদহে। কয়েক হাজার পরীক্ষার্থীর সেই জমায়েত এসে পৌঁছয় ধর্মতলা পর্যন্ত। চাকরিপ্রার্থীদের দাবি, রাজ্য পুলিশে নিয়োগের জন্য ২০২৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২৫ সালের নভেম্বর মাসে পরীক্ষা দেন তাঁরা। শারীরিক সক্ষমতার পরীক্ষাও নেওয়া হয়। সেই পরীক্ষায় যাঁরা পাশ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউয়ে ডাক পান তাঁরা। কিন্তু অভিযোগ, ভোটের পরে নিয়োগ হবে বলা হলেও এখনও ইন্টারভিউয়ের ফল প্রকাশ হয়নি। তাই তাঁদের দাবি, পুজোর আগে রেজাল্ট প্রকাশ করতে হবে। যাতে এ বারের পুজোয় উর্দি পরে পথে নামতে পারেন, ডিউটি করতে পারেন।

অবরুদ্ধ হয়ে পড়েছে ধর্মতলা চত্বর

ঝড় বৃষ্টির মধ্যে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ রীতিমত পরিস্থিতি আরও উত্তেজনাময় করে তুলেছে। এক চাকরিপ্রার্থী দাবি করেছেন, ‘সেপ্টেম্বরের মধ্যে যাতে নিয়োগ করা হয়, সেই আর্জি জানাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। পুজোর আগেই আমাদের নিয়োগ করতে হবে।’ অন্যদিকে আরও এক আন্দোলনকারী জানান, ‘ফাইনাল মেরিট লিস্ট কি ভিআইপি? দেখা পাওয়া এত কঠিন কেন? আমাদের রেজাল্ট দ্রুত প্রকাশ করতে হবে।’ এমতাবস্থায় চাকরিপ্রার্থীদের মিছিলে অবরুদ্ধ হয়ে পড়েছে ধর্মতলা চত্বর।

আরও পড়ুন: ‘ভোট না দিলেও আয়ুষ্মান, আবাস নিয়ে যান’ নন্দীগ্রাম থেকে বললেন ‘সবার মুখ্যমন্ত্রী’

অন্যদিকে, ২৬ হাজার শূন্যপদে নিয়োগের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, আজ, সোমবার, স্কুল সার্ভিস কমিশনের আর্জি মেনে ২৬ হাজার শূন্যপদে নিয়োগের সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হল। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশ দিল, নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে ২০২৭-এর ৩১ মে পর্যন্ত করা হচ্ছে। আসলে এর আগে ৩১ আগস্ট অর্থাৎ আজ অবধি সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু তার মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা যাচ্ছে না বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তাতেই এই নির্দেশ।