বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বড় খবর। ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং ভোটারদের সুবিধার্থে রাজ্যে বুথের (West Bengal Booths) সংখ্যা বাড়াল নির্বাচন কমিশন। নতুন করে তৈরি হল 4660টি সহায়ক ভোটকেন্দ্র। এর ফলে বর্তমানে রাজ্যে মোট ভোট কেন্দ্রের সংখ্যা পৌঁছল 85,379 তে। শুধু বুথের সংখ্যা বাড়িয়েই থেমে থাকেনি নির্বাচন কমিশন। একই সাথে জ্ঞানেশ কুমারের কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আর পাঁচটা বুথের মতোই তালিকায় নতুন করে যুক্ত হওয়া বুথগুলিতেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নতুন বুথ নিয়ে আর কী কী নির্দেশ দিল নির্বাচন কমিশন?
বৃহস্পতিবার নতুন করে 4660টি ভোট সহায়ক বুথ তৈরি করে নির্বাচন কমিশনের তরফে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাংলায় নির্বাচন চলাকালীন প্রত্যেকটি বুথে ভোটারদের যাতে কোনও রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। একই সাথে প্রতিটা বুথে পর্যাপ্ত বিদ্যুৎ পরিষেবা, শৌচালয়, পর্যাপ্ত জলের সরবরাহ এমনকি প্রয়োজনীয় জিনিস পত্রের বন্দোবস্ত করতে হবে। আর এই দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচনী আধিকারিকরা।
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু!
বিধানসভা নির্বাচনের আগেই বৃহস্পতিবার থেকেই পোস্টাল ব্যালটে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের একেবারে স্পষ্ট নির্দেশ, পোস্টাল ব্যালটে ঠিকঠাক ভোট পড়ছে কিনা তা পরীক্ষা করে তবেই বুথ সামলাতে যাবেন কর্মীরা। সাধারণত নিয়ম অনুযায়ী, এই মুহূর্তে বাংলার প্রত্যেক জেলায় জেলায় ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ প্রক্রিয়া শেষ হওয়ার দিন ভোট কর্মীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোট দেবেন। তারপরই নির্দিষ্ট ভোট কেন্দ্রে পৌঁছবেন তাঁরা। গতকাল থেকেই সেই ভোট দান প্রক্রিয়া শুরু হয়েছে।
অবশ্যই পড়ুন: “ভারতীয় ক্রিকেটের নতুন মুখ বৈভব সূর্যবংশী”, বলে দিলেন লোলিত মোদিও
প্রসঙ্গত, গত 4 এপ্রিল বাংলায় ভোটকেন্দ্র বৃদ্ধি এবং সহায়ক বুথ তৈরির আবেদনে সাড়া দিয়েছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে অবশেষে সেই নির্দেশ কার্যকর হল। নির্বাচন কমিশন একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যেসব বুথে ভোটারদের সংখ্যা 1200 ছাড়িয়ে যাবে সেইসব জায়গায় অতিরিক্ত সহায়ক বুথ তৈরি করা হচ্ছে। প্রত্যেক অতিরিক্ত বুথে একেবারে আঁটসাঁট নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে কমিশন।










