সহেলি মিত্র, কলকাতা: দুর্গাপুজোর মুখে ফের বিরাট চমক দিল সরকার। পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দফতর। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) এবং রাজ্য সরকারের অধীন অন্যান্য নির্দিষ্ট প্রভিডেন্ট ফান্ডে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ অক্টোবর, ২০২৬ তারিখে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর।
কত সুদ মিলবে GPF-এ?
অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডে জমা থাকা অর্থের উপর বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ প্রযোজ্য হবে। এই সুদের হার ২০২৬-২৭ অর্থবর্ষের নির্দিষ্ট ত্রৈমাসিকের জন্য কার্যকর থাকবে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে যে তহবিলগুলির কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি হল—
১) জেনারেল প্রভিডেন্ট ফান্ড: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের নির্দিষ্ট GPF অ্যাকাউন্ট।
২) কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড: রাজ্যের নির্দিষ্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড।
৩) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের প্রভিডেন্ট ফান্ড: পশ্চিমবঙ্গ নন-গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড লোকাল অথরিটিজ (CPFE) আইন, ১৯৮৩-এর অধীনে পরিচালিত তহবিল।
কবে থেকে কার্যকর হবে নতুন সুদের হার?
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন সুদের হার ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। অর্থাৎ, এই তিন মাসের জন্য সংশ্লিষ্ট প্রভিডেন্ট ফান্ডের জমার উপর বার্ষিক ৭.১ শতাংশ সুদের হার প্রযোজ্য হবে। তবে মনে রাখতে হবে, ৭.১ শতাংশ হল বার্ষিক সুদের হার। তাই তিন মাসের সুদ হিসাব করার সময় জমার পরিমাণ, সংশ্লিষ্ট সময়ে অ্যাকাউন্টে থাকা ব্যালান্স এবং প্রযোজ্য হিসাবের নিয়ম বিবেচনা করতে হবে।
আরও পড়ুনঃ দুর্ঘটনা থেকে শিক্ষা! চিংড়িঘাটা উড়ালপুল জুড়ে বসানো হল ফাইবার পিভার ব্লক
প্রভিডেন্ট ফান্ড সরকারি কর্মীদের অবসরকালীন সঞ্চয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সুদের হার সংক্রান্ত এই বিজ্ঞপ্তি GPF ও সংশ্লিষ্ট তহবিলের গ্রাহকদের কাছে তাৎপর্যপূর্ণ। সংশ্লিষ্ট কর্মী ও গ্রাহকদের নিজেদের প্রভিডেন্ট ফান্ডের নিয়ম এবং অ্যাকাউন্টের বিবরণ অনুযায়ী সুদের হিসাব যাচাই করে নেওয়া উচিত।










