সৌভিক মুখার্জী, কলকাতা: যা ভেরিফিকেশনের দরকার ছিল, তা আগস্ট মাসেই শেষ হয়েছে। রাজ্যের বেশিরভাগ মহিলার অ্যাকাউন্টেই ঢুকেছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা। আগস্ট মাসে যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের সেপ্টেম্বর থেকে সমস্যা হওয়ার কথা নয়। নিশ্চিন্তে প্রতি মাসে মিলবে ৩০০০ টাকা। তবে এখন মহিলাদের মনে একটাই প্রশ্ন, সেপ্টেম্বর তো পড়ে গেল। তাহলে অন্নপূর্ণা যোজনার টাকা কত তারিখে ঢুকবে?
সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?
জুন মাস থেকেই কার্যকর হয়েছে এই প্রকল্প। প্রথম মাসে প্রায় ২৮ লক্ষ মহিলা পেয়েছিলেন সুবিধা। জুলাইতে পেয়েছিলেন ১ কোটি ১০ লক্ষ মহিলা, এবং আগস্ট মাসে ১ কোটি ৪৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা পাঠানো হয়েছে বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার পালা চতুর্থ কিস্তির। অনেক মহিলার মনের প্রশ্ন, আজ তো ১ তারিখ। তাহলে কি আজ থেকেই অন্নপূর্ণার টাকা দেওয়া হবে? এমনকি যাঁদের আগস্ট মাসে টাকা ঢোকেনি, তাঁরাই বা কবে পাবেন টাকা?
বিগত মাসের ১৭ তারিখের পর থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণার ৩০০০ টাকা করে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগস্ট মাসে মোট ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭৪ জন মহিলা টাকা পেয়েছেন। তবে এখনও পর্যন্ত অনেক মহিলার আবেদন আন্ডার প্রসেস বা যাচাই পর্যায়ে রয়েছে। অর্থাৎ তাঁরা আগস্ট মাসে পাননি টাকা। যদিও রাজ্য সরকারের তরফ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে, চিন্তার কোনও কারণ নেই, প্রত্যেকের তথ্য যাচাই করে যোগ্য প্রমাণিত হলে মিলবে টাকা।
আরও পড়ুন: শেষ ৭ দিনের ডেডলাইন, সুপ্রিম কোর্টের নোটিশের জবাব দিতে আরও সময় চান সুদীপরা
এবার আসি সেপ্টেম্বর মাসে কবে দেওয়া হবে সেই বিষয়ে। বস্তুত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। সেই সূত্র ধরে অনুমান করা যাচ্ছে, যাঁদের অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা জমা পড়েছে, তাঁরা সেপ্টেম্বরের ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই টাকা পাবেন। তবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ৭ কিংবা ৮ তারিখের মধ্যে টাকা পাওয়ার আশা করলে চলবে না। কারণ, রাজ্য সরকার আগেই জানিয়েছিল অন্নপূর্ণার টাকা দেওয়া হবে দ্বিতীয় সপ্তাহে। তবে আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে তা আপনি সরাসরি সোশ্যাল রেজিস্ট্রির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাচাই করে নিতে পারেন। এমনকি যদি আন্ডার প্রসেস থাকে, তাহলে নিকটবর্তী পৌরসভা বা বিডিও অফিসে গিয়ে পুনরায় ভেরিফাই করে নিতে পারবেন।










