প্রীতি পোদ্দার, কলকাতা: কদিন আগেই বাংলার স্কুলগুলোতে শেষ হয়েছে গরমের ছুটি (Summer Vacation)। আর এবার বাংলার সব স্কুলে (West Bengal Schools) যোগ দিবস (Yoga Day) পালনের নির্দেশ জারি করল রাজ্য সরকার। এছাড়াও প্রত্যেকটা জেলায় স্কুল স্তরে একাধিক কর্মসূচি পালনেরও নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনিক এই নির্দেশে তুমুল আলোচনা শুরু হয়েছে স্কুলগুলোর শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে।
স্কুলে এবার পালন হবে যোগ দিবস
সুস্থতা এবং সম্প্রীতির বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে যোগ ব্যায়াম এখন একটি বিশ্বব্যাপী আন্দোলন। আর এই প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবার নয়া রাজ্য সরকারও হাত মেলাল। পূর্বতন তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের কোনও সরকারি বা সরকার অনুমোদিত স্কুলে যোগা দিবস পালনের কোন নির্দেশ দেওয়া হত না। বাকি সাধারণ দিনগুলোর মতোই এই দিনটিও অনাড়ম্বরেই কাটত। তবে এবার ক্ষমতার রদবদল হতেই উঠে এল ভিন্ন ছবি। প্রোটোকল মেলে আগামী ২১ জুন যোগ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্কুলগুলিতেও।
থাকবে একাধিক কর্মসূচি
শুধু যোগ দিবস পালনেই থেমে থাকছে না, বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুকে নাম তোলার চেষ্টাতেও একদিন সমস্ত জেলার ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা হবে। জানা গিয়েছে, রাজ্য সমগ্র শিক্ষা মিশন ৭-২১ জুন পর্যন্ত প্রতিদিন স্কুলগুলিকে যোগসম্পর্কিত কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের স্কুলগুলির পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এতে অংশ নেবেন। সবশেষে ২১ জুন বিশ্ব যোগ দিবসে সমস্ত জেলার বাছাই করা স্কুলগুলি নিয়ে নির্দিষ্ট স্থানে যোগাভ্যাস হবে।
আরও পড়ুন: ‘জিরামজি’তে ১৫৩ লক্ষ কর্মদিবস, বাংলায় ১ জুলাই থেকে ফের শুরু ১০০ দিনের কাজ
অন্যদিকে, আসন্ন আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্যে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় সরকার। অনলাইনে একসঙ্গে সর্বাধিক সংখ্যক মানুষের যোগ ব্যায়ামে অংশগ্রহণের মাধ্যমে একটি নতুন বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে আয়ুষ মন্ত্রক। এছাড়াও দেশজুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের এতে অংশ নেওয়ার নির্দেশিকা জারি করেছে UGC। পাশাপাশি ২১ জুন কলকাতার রেড রোডে রাজ্যপালের উপস্থিতিতে যোগ দিবসের অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।










