NRS হাসপাতালে ভুল অপারেশন কাণ্ডে রোগীর পাশে মুখ্যমন্ত্রী, দিলেন আর্থিক সাহায্যের আশ্বাস

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই NRS হাসপাতালে চিকিৎসা গাফিলতির এক মারাত্মক অভিযোগ (wrong surgery case at NRS Hospital) প্রকাশ্যে এসেছিল। রোগীর গলব্লাডারের পাথর বাদ দেওয়ার অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকরা ভুলবশত তাঁর অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দিয়েছেন, আর তাই নিয়েই তুমুল শোরগোল শুরু হয়েছে। এবার সেই ঘটনায় রোগীর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এছাড়াও আর্থিক সাহায্যের অনুমোদন দিয়েছেন তিনি।

চিকিৎসার গাফিলতি NRS হাসপাতালে

পরিবার সূত্রে জানা গিয়েছে, তীব্র পেটে ব্যথা নিয়ে এনআরএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় ১০০ দিনের কাজের কর্মী গোপাল পোড়েল। পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর গলব্লাডারে পাথর জমেছে এবং অস্ত্রোপচার করতে হবে। এদিকে অপারেশন শেষ হলেও রোগীর পেটের যন্ত্রণা কমেনি। সন্দেহ হওয়ায় পুনরায় পরীক্ষা করানো হলে জানা যায় গলব্লাডারের পাথর পরিষ্কার করার পরিবর্তে চিকিৎসকরা কেটে বাদ দিয়েছেন সুস্থ অ্যাপেন্ডিক্স। ব্যাপক বিরোধিতা করেছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।

কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী?

চিকিৎসা গাফিলতির এই বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “খবর পাওয়ার পরপরই এনআরএসের অধ্যক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। প্রাথমিক তদন্তে যদি গাফিলতির প্রমাণ মেলে, তবে সংশ্লিষ্ট ডাক্তার ও চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে খবর পেয়ে রোগী গোপাল পোড়েলের সঙ্গে ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তর। রোগী জানান, মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে জানিয়েছে, তাঁকে আর্থিক সাহায্যের বিষয়ে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে জলমগ্ন বোলপুর, ডুবল একাধিক ওয়ার্ড

আর্থিক অনুদান মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, বিষয়টা জানার পরই মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে কথা বলা হয় বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে। এরপর যোগাযোগ করা হয় গোপালবাবুর সঙ্গেও। তিনি জানিয়েছেন, “আর্থিকভাবেও আমি নিঃস্ব। এই পরিস্থিতিতে মাননীয় কুণাল ঘোষ আমার জন্য দরবার করেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমায় সাহায্য করার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে যে, আমাকে আর্থিক সাহায্যের বিষয়ে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। বেসরকারি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও চেয়ে পাঠানো হয়েছে।”