প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই জলপথে যাতায়াতের জন্য এক অত্যন্ত আধুনিক পরিকল্পনা নিয়ে এল বঙ্গ বিজেপি সরকার। জানা গিয়েছে এবার কলকাতায় হতে চলেছে ওয়াটার মেট্রো (Water Metro), নবান্ন থেকে আজ, বৃহস্পতিবার বড় ঘোষণা করলেন নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এছাড়াও কেন্দ্রের সাগরমালা প্রকল্প এবং তাজপুর বন্দর নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি।
কলকাতায় হবে ওয়াটার মেট্রো!
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবার, নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মধ্যে বৈঠক হয়েছিল। আর সেখানেই জলপথে যাতায়াত পরিষেবা নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “আমরা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছি। আজকের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কেরলের অভিজ্ঞতা সামনে রেখে কলকাতাতেও এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে।” প্রশাসনের ধারণা, এই পরিষেবা চালু হলে শহরের রাস্তায় যানজট যেমন অনেকটাই কমবে ঠিক তেমনই দূষণও অনেকটা নিয়ন্ত্রিত থাকবে। জানা গিয়েছে এই প্রকল্পে ১৮ তম শহর হিসেবে যুক্ত হতে চলেছে কলকাতা।
চলবে ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট
প্রসঙ্গত, প্রথমে কেরলের কোচিতে ওয়াটার মেট্রো পরিষেবা আনা হয়েছিল, যা প্রথম পরীক্ষাতেই সফল হয়েছিল। আর তারপরে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করেছিল বেশ কয়েকটি শহরে এই পরিষেবা নিয়ে আসবে। এর মধ্যে গুয়াহাটি, শ্রীনগর, পাটনা, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজে প্রথম দফায় ওয়াটার মেট্রো চালু হওয়ার কথা। আর এবার সেই পরিষেবা চালু হতে চলেছে কলকাতায়। জানা গিয়েছে, এখানেও ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কীভাবে এই পরিষেবা চালানো যায়, সেই বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলি ইতিমধ্যেই আলোচনা করছে।
আরও পড়ুন: তৈরি বজ্রমেঘ, কিছুক্ষণেই দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে তুমুল ঝড়-বৃষ্টি, আবহাওয়ার খবর
অন্যদিকে, পূর্বতন রাজ্য সরকারের আমল থেকেই শোনা যাচ্ছিল তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরি হবে, বাড়বে কর্মসংস্থান। কিন্তু সে প্রকল্প আজও বাস্তবায়িত হয়নি। এবার এই বিষয়ে নজর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার করণ আদানির সঙ্গে আলোচনার পর আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, জমি না থাকার ফলে তাজপুরে কোনো গভীর সমুদ্রবন্দর হওয়া সম্ভব নয়। বিকল্প হিসাবে দাদনপত্রবাড়ে হতে পারে গভীর সমুদ্রবন্দর। সেখানে রাজ্যের হাতে ১৭০০ কিলোমিটার জমি রয়েছে। এছাড়াও সাগরমালা ২ প্রকল্পে যোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ। ২২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর।










