আদানির পর এবার বাংলায় লগ্নির ইঙ্গিত আম্বানির রিলায়্যান্সের, বৈঠক চলতি মাসেই

Published:

West Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার রদবদল হতেই রাজ্যে (West Bengal) বিজেপি সরকার শিল্পায়নের দিকে জোর দিতে চলেছে। আর সেই আবহে গুঞ্জন শোনা যাচ্ছে যে এবার পশ্চিমবঙ্গে বড় ধরনের বিনিয়োগ করতে চলেছে জনপ্রিয় রিলায়্যান্স সংস্থা (Reliance Industries)। চলতি মাসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি বৈঠকে বসতে চলেছেন ওই সংস্থার প্রতিনিধিরা। আর এই খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও শিল্পমহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

বিনিয়োগ করতে চায় রিলায়্যান্স

রাজ্যে ক্ষমতায় আসার পরেই শিল্পায়নে নতুন লগ্নি টানতে উদ্যোগী হয়েছে শুভেন্দু সরকার। বিজেপি নেতৃত্বের দাবি, ইতিমধ্যেই একাধিক বড় শিল্প সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যারা রাজ্যে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। উল্লেখ্যযোগ্য বিষয় হল এবার সেই তালিকায় নাম উঠে এল রিলায়্যান্স কোম্পানির। সূত্রের খবর, ইতিমধ্যেই তারা নাকি একাধিক ক্ষেত্রে লগ্নির জন্য সম্প্রতি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে। বিকল্প শক্তি উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি শিল্প, বস্ত্রশিল্প ইত্যাদি গঠনে বড় চিন্তা ভাবনা করা হচ্ছে। সেক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে আশার আলো দেখছে সকলে।

শীঘ্রই জমি নীতি আনতে চলেছে সরকার

শাসকদলের সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই শিল্প দফতরের সঙ্গে বৈঠক করতে চলেছেন রিলায়্যান্স সংস্থার প্রতিনিধিরা। ওই বৈঠকে আলোচনার মাধ্যমে হয়ত সিদ্ধান্ত নেওয়া হবে যে পশ্চিমবঙ্গে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা সম্ভব। তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে জমি। যদিও সেক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, শিল্প টানতে শীঘ্রই জমি নীতি আনতে চলেছে সরকার। সিন্ডিকেটরাজ বা তোলাবাজি যে এই সরকারের আমলে চলবে না, সেই বার্তাও দিয়েছেন। গতকালই রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন গৌতম আদানির পুত্র তথা আদানি পোর্ট ও স্পেশাল ইকোনমিক জোনের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি।

আরও পড়ুন: ১০ই জুন ভারতের ইতিহাসে নাম লেখাতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উল্লেখ্য, পাঁচ বছর আগে অর্থাৎ ২০২১ সালে পূর্বতন সরকারের আমলে রাজ্যে ডেটা সেন্টার নীতি আনা হয়েছিল। ভৌগোলিক অবস্থান অনুযায়ী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যাতে পশ্চিমবঙ্গে তাদের ডেটা সেন্টার হাব বানাতে উৎসাহী হয়, সেই লক্ষ্যেই এটি বানানো হয়েছিল। এবার সেই ডেটা সেন্টার নীতিতেও প্রয়োজনীয় পরিবর্তন আনতে চলেছে রাজ্য। যদিও অনেক শিল্পপতি ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। কারণ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হল কলকাতা। তাই Meta, Google, Amazon এর মতো সংস্থার কাছে ওই হাব অনেক বেশি লাভজনক।