প্রীতি পোদ্দার, কলকাতা: আর মাত্র বাকি ৬ দিন, এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে টপকাতে চলেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ এতদিন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) একটানা সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ছিল। কিন্তু এবার এই রেকর্ড ভাঙতে চলেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তুমুল উচ্ছ্বাস বিজেপির অন্দরমহলে। কিছুদিন আগেই ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সমীক্ষায় তিনিই সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসেবে বিবেচিত হয়েছিল। আর সেই রেকর্ডের রেশ কাটতে না কাটতেই আরও এক নজির বিহীন রেকর্ড করলেন মোদী।
জওহরলাল নেহরুকে টপকাবেন মোদী!
প্রাপ্ত রিপোর্ট মোতাবেক, ২০১৪ সালের লোকসভা নির্বাচন জিতে ২৬ মে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদী। তারপর থেকে টানা প্রধানমন্ত্রী পদে নিজেকে টিকিয়ে রেখে চলে তিনি। তিনিই ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করা প্রথম প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, আগামী ১০ জুন টানা ৪,৩৯৯ দিন ক্ষমতায় থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভাঙতে চলেছেন তিনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল হইচই পড়ে গিয়েছে দলীয় অন্দরে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন নেহেরু ৪,৩৯৮ দিনের রেকর্ড গড়েছিল।
রাজনৈতিক যাত্রায় ঐতিহাসিক অধ্যায় মোদীর
ভারতের প্রথম সাধারণ নির্বাচনের পর ১৯৫২ সালের ১৩ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন জওহরলাল নেহেরু। টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে। এর আগে নরেন্দ্র মোদী নেহেরু কন্যা ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে দিয়েছিলেন। ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি থেকে ১৯৭৭ সালের ২৪ মার্চ পর্যন্ত টানা ৪,০৭৭ দিন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমানে বাবা এবং মেয়ের দুজনের রেকর্ডই ভেঙে দিলেন মোদী। অনেকের মতে, এই সাফল্য মোদীর রাজনৈতিক যাত্রায় এক ঐতিহাসিক অধ্যায়। আর এই মাইলফলকটি মোদীর রাজনৈতিক জীবনকে যে নিঃসন্দেহে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে গড়ে তুলবে।
আরও পড়ুন: এবার তোলপাড় টালিগঞ্জ, ইট বৃষ্টি থেকে ডিম ছোঁড়া, সবই চলল টলিপাড়ায়
প্রসঙ্গত, ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেন মোদি। ২০১৪ সালের ২১ মে পর্যন্ত ওই পদে আসীন ছিলেন তিনি। এর পর, ২০১৪ সালের ২৬ মে ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন হন। পাশাপাশি, গুজরাতের সবচেয়ে দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রীও মোদি। এছাড়াও মোদী-ই ভারতের একমাত্র সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে থাকা অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী। যার নেতৃত্বে টানা তৃতীয় বার লোকসভা নির্বাচন জিতেছে বিজেপি সরকার।










