প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে টালিগঞ্জের স্টুডিওপাড়া। অভিযোগ, বৈঠকের (Tollywood Federation Meeting) মাঝেই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় তুমুল দ্বন্দ্ব, তর্ক বিতর্ক। এমনকি রাগের বশে একে অন্যকে লক্ষ্য করে ইঁট, পাটকেল ছোড়া হয়। পাশাপাশি ছোঁড়া হয় ডিমও। শেষে পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। জানা গিয়েছে, গতকাল, নবনির্বাচিত বিধায়ক পাপিয়া অধিকারী (Papiya Adhikari) ভেঙে দিয়েছিলেন ফেডারেশন। আর সেই কারণেই এই উত্তেজনা।
ফেডারেশন ভাঙতেই শুরু ঝামেলা
টলিউডের জট যেন কিছুতেই কাটছে না। ফেডারেশন বনাম ছোট পর্দার প্রযোজকদের দ্বন্দ্ব, টেকনিশিয়নদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, বকেয়া পারিশ্রমিক, কলাকুশলীদের অতিরিক্ত সময় কাজ করানো থেকে থ্রেট বা ব্যান কালচার ইত্যাদি নানা সমস্যা নিয়ে গত কয়েক বছর ধরে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে টলিপাড়া। এমনকি ক্ষমতার পালাবদল হলেও বিতর্ক যেন কিছুতেই থামছে না। জানা গিয়েছে, গতকাল, বুধবার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী ফেডারেশন ভেঙে দিয়েছিলেন। এবং ওই ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান এবং সহসম্পাদক বাবাই এই দু’জনকে তাঁদের পদ ছাড়তে বলা হয়। আর তাই নিয়ে শুরু হয় ঝামেলা।
বৈঠকে উঠল ‘চোর চোর’ স্লোগান
টলিউড সূত্রে খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার টলিপাড়ায় একটি বৈঠক ডাকা হয়েছিল। আর সেই বৈঠকে যোগ দিতে বিপুল ভিড় হয়। এত সংখ্যক মানুষ নিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে মিটিং করা সম্ভব নয় বলে স্থানীয় ভরার মাঠে বৈঠক হবে বলে স্থির হয়। আর সেখানেই শুরু হয় অশান্তি এবং দুটি পক্ষ তৈরি হয়। একদিকে পদ ধরে রাখতে বাবাই, হাসান ও তাঁদের অনুগামীরা জোর করে ঝামেলা পাকাচ্ছে বলে অভিযোগ তোলে। আর সেই অভিযোগ খারিজ করে অন্য পক্ষ দাবি করে, যারা বিক্ষোভ দেখাচ্ছে, তার কেউ গিল্ডের সদস্যই নয়। এরপরই শুরু হয় মারপিট, হাসান এবং বাবাই এর বিরুদ্ধে ওঠে ‘চোর চোর’ স্লোগান।
Just 5 minutes from my residence, this chaos is going on at Tollygunge (Bhorat Math, KMC Ward No. 97), under Regent Park Police Station.
Many TMC cadres are trying to create such a nuisance; even they are not ready to believe that they are no longer in power in West Bengal as… pic.twitter.com/CupbWmjP1g
— SANDIP HALDER (@HALDERSAN) June 4, 2026
এক টেকনিশিয়ান অভিযোগ করেন, “এরা ১৫ বছর ধরে ক্ষমতার বলে নোংরামি করেছে। এখন হেরে গিয়েছে যে সেটাও মানতে চাইছে না। মানুষ ভোট দিয়ে হারিয়েছে। কিন্তু এখনও নোংরামি করে চলেছে। হাসানের নেতৃত্বে এগুলো হচ্ছে। হাসানের তিন-চারটি ফ্ল্যাট। গ্যারেজ পাঁচ-ছ’টা। এত ভূরি ভূরি টাকা কোথা থেকে এল? এখনও নিজেদের জমি ছাড়তে চাইছে না। নোংরামি চালিয়ে যাচ্ছে।” অবশেষে পরিস্থিতি সামাল দিতে পুলিশ উপস্থিত হয়। ঝামেলা থেমে গেলেও এখনও ক্ষোভে ফুঁসছেন টেকনিশিয়ানরা।
আরও পড়ুন: বাংলায় হবে বন্দর থেকে উন্নত রাস্তা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আদানির
প্রসঙ্গত, বুধবারের বৈঠক থেকে পাপিয়া অধিকারী জানিয়েছিলেন যে, বহিরাগতদের চিহ্নিত করতে এবার টলিপাড়াতেও SIR হবে। পাশাপাশি এতদিন ধরে ব্যান আর সাসপেনশন কালচার চালিয়ে এসেছে যারা, তাদেরও ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করা হবে। অর্থাৎ শীঘ্রই টালিগঞ্জে দুর্নীতি রুখতে চালু হতে চলেছে ডি কিউব মডেল। এমনকি ভেঙে দেওয়া হয়েছে ফেডারেশনের ২৬টি গিল্ড, পরিবর্তে ‘সিনেম্যাটোগ্রাফি’, ‘পরিচালক’, ‘প্রোডাকশন কন্ট্রোলার’ এবং ‘আর্ট অ্যান্ড কস্টিউম’- এই চারটি বিভাগ চালু করা হয়েছে।










