মাসে মিলবে ৩০০০ টাকা, যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Yuva Shakti Varosa Card

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে একটাই প্রশ্ন, যুবশক্তি প্রকল্প (Yuva Shakti Varosa Card) কবে চালু হবে? ভোটার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা ক্ষমতায় এলে যুবসাথী বন্ধ হয়ে ভাতা দ্বিগুণ করে ৩০০০ টাকা করা হবে। ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। প্রথম ধাপে ৫০ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার যুগশক্তি ভরসা কার্ড নিয়েই বড় ঘোষণা করলেন তিনি।

কবে চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড?

এদিন মালদহে এ প্রসঙ্গে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা করেছি। বার্ধক্য ভাতা এবং যুবশক্তি নিয়ে আমরা কাজ এগো।চ্ছি খুব শীঘ্রই চালু হবে।” অর্থাৎ এ থেকে স্পষ্ট যে, হয়তো এই মাস কিংবা আগামী মাসের মধ্যেই যুবশক্তি ভরসা কার্ড শুরু হবে এবং রাজ্যের বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সুবিধা পাবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিজেপি সরকার এককালীন ১৫,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত ঘোষণা হয়নি।

বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আগে থেকে যারা যুবসাথী প্রকল্পের সুবিধা পেতেন তাঁদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবশক্তির সরাসরি টাকা পৌঁছবে। কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তবে নতুন উপভোক্তারাও অনলাইনের মাধ্যমে হয়তো আবেদন করতে পারবেন। এমনকি পুরনো যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের তথ্য ভালোভাবে যাচাই করেই এই ভাতা দেওয়া হবে। সবদিক বিবেচনা করেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কারা পাবেন যুবশক্তির টাকা?

যুবশক্তি ভরসা কার্ডে প্রতি মাসে ৩০০০ টাকা পেতে গেলে অবশ্যই তাঁকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে।

  • প্রথমত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • দ্বিতীয়ত, আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
  • তৃতীয়ত, আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে।
  • চতুর্থত, আবেদনকারীকে বর্তমানে কর্মহীন থাকতে হবে, অর্থাৎ কোনও কর্মসংস্থানের সাথে যুক্ত থাকা যাবে না।

আরও পড়ুন: ত্রাতা জগন্নাথ সরকার! আমঘাটা-নবদ্বীপ ঘাট রেল প্রকল্প নিয়ে আশার আলো

কীভাবে আবেদন আর কী কী ডকুমেন্ট দরকার?

আগেই বলেছি, যারা যুবসাথী প্রকল্পের সুবিধা পেতেন তারাই পাবে যুবশক্তি ভরসা কার্ডের সুবিধা। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। এমনও হতে পারে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মতো আবার নতুন করে আবেদন করতে হচ্ছে। এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। যেমন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইত্যাদি।