ভাঙন অব্যহত তৃণমূলে, এবার ‘বিদ্রোহী’ শিবিরে নাম লেখাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও?

Published:

Sudip Bandyopadhyay

সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূলের (Trinamool Congress) ভাঙন অব্যহত। আরও একজন লোকসভার সাংসদ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে এক গাড়িতে দেখা গেল কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Bandyopadhyay)। সূত্রের খবর, আজ দিল্লি বিমানবন্দর থেকে শতাব্দীর সঙ্গে একই গাড়িতে চেপে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানেই বৈঠকের কথা ছিল। অর্থাৎ, এ থেকে স্পষ্ট যে এবার ‘বিদ্রোহী’ শিবিরে নাম লেখাতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

বিদ্রোহী শিবিরে তৃণমূলের আরও এক সাংসদ

আজই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনকি একই সঙ্গে একই বিমানে শতাব্দী রায়ও দিল্লি পৌঁছন। তারপরই একই গাড়িতে উঠে দিল্লি বিমানবন্দর থেকে বেরোন সুদীপ ও শতাব্দী। এরপর সোজা তাঁরা ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে যান। সেখানেই বৈঠক হওয়ার কথা। গত কয়েকদিন তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক এই কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতেই অনুষ্ঠিত হয়েছে। তাঁদের নেতৃত্ব দিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়। ইতিমধ্যেই ১৯ জনের সই জমা পড়েছে বিদ্রোহী তালিকায়।

এদিকে লোকসভা থেকে শুরু করে রাজ্যসভার সাংসদরাও হাতছাড়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত সোমবারই লোকসভার সংসদীয় দলে ভাঙন শুরু হয়। সিংহভাগ সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে থাকেন। রাজ্যসভার সাংসদরাও একে একে ইস্তফা দিয়ে তৃণমূলকে কার্যত মাঠে বসিয়ে ছাড়েন। গতকাল লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ১৯ জন বিদ্রোহী সাংসদের সই করা চিঠি পাঠানো হয়েছে। তাঁরা সবাই-ই এনডিএ জোটে অংশগ্রহণ করতে চান বলেই ইচ্ছা প্রকাশ করেছেন। ঠিক যে মুহূর্তে ইন্ডিয়া জোটের সঙ্গে বৈঠক করছিলেন মমতা এবং অভিষেক, তখনই তাঁর দলে এই ভাঙন।

আরও পড়ুন: চালু হল ‘আপনার সরকার আপনার পাশে’-র পোর্টাল, কীভাবে জানাবেন অভিযোগ? দেখুন

কাকলি ঘোষ দস্তিদার স্পষ্ট দাবি করেন, তাঁর সঙ্গে মোট ২০ জন সাংসদের সমর্থন রয়েছে, এবং তারা প্রত্যেকেই বিদ্রোহী তালিকা অর্থাৎ এনডিএ শরিক হতে চাইছেন। কিন্তু গতকাল যে ১৯ জনের স্বাক্ষর প্রকাশ্যে এসেছিল, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সই ছিল না। কিন্তু আজ শতাব্দীর সঙ্গে একই গাড়িতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে যে তিনিও এবার বিদ্রোহী তালিকায় যোগ দিতে চলেছেন! অর্থাৎ লোকসভায় আরও একজন সাংসদ হারাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।