প্রীতি পোদ্দার, কলকাতা: নারকেল চুরি করতে গিয়ে বিপত্তি, ধরা পড়ার ভয়ে সারাদিন নারকেল গাছের মাথায় বসেছিল যুবক। মঙ্গলবার মালদা (Malda) শহরের কানিমোড় এলাকার ফরেস্ট রেঞ্জ অফিস চত্বরে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিকে তাঁকে (Malda Coconut Theft) নিরাপদে নিচে নামাতে রীতিমতো হিমশিম খেতে হয় বন দফতর, দমকল বাহিনী ও পুলিশকে। শেষে দীর্ঘ আট ঘণ্টার প্রচেষ্টার পর উদ্ধার করা হয় চোরকে।
নারকেল চুরি করতে গিয়ে বিপত্তি চোরের!
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার, ঘটনাটি ঘটেছে মালদা শহরের কানিমোড় এলাকার ফরেস্ট রেঞ্জ অফিস চত্বরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ নারকেল চুরি করতে এসে এলাকার মানুষের কাছে ধরা পড়ে যান ওই যুবক। তারপর পিটুনির ভয়ে গাছ থেকে নামার আর সাহস পাননি তিনি। বিষয়টি নজরে আসতেই শুরু হয় তৎপরতা। শেষে খবর দেওয়া হয় ফরেস্ট রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাসকে। তিনিও ওই চোরকে উদ্ধার করার জন্য ইংরেজবাজার থানার রথবাড়ি পুলিশ ফাঁড়ি ও দমকল বাহিনীকে খবর দেন।
আরও পড়ুন: আধার লিঙ্ক করালে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হওয়ার সম্ভাবনা বাড়ে? জানাল UIDAI
দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার যুবককে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর একটা নাগাদ ওই যুবককে গাছ থেকে নামানোর তোড়জোড় শুরু হয়েছিল। বিভিন্ন পদ্ধতিতে বারবার চেষ্টা চালানো হলেও ওই যুবককে গাছ থেকে নামানো সম্ভব হচ্ছিল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও একই অবস্থা, শেষমেষ রাত প্রায় সাড়ে আটটা নাগাদ নিরাপদে উদ্ধার করা হয় ওই যুবককে। উদ্ধারকারীদের তরফে জানা গিয়েছে, ওই যুবকের নাম আকাশ, বয়স আনুমানিক ৩০ বছর। মানসিক ভারসাম্যহীন বলে পরিচিত ওই যুবক নারকেল চুরি করতে এসে দমকল কর্মীদের দেখতে পেয়ে ভয়ে গাছে উঠে পড়ে এবং সেখানেই থেকে যায়।
মইয়ের মাধ্যমে দমকলকর্মীর একজন ওই চোরকে নামানোর চেষ্টা করলেও সেই চোর বারংবার সবাইকে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন কিন্তু কিছুতেই নামতে চায়নি, শেষে রাত সাড়ে আটটায় তাঁকে নামাতে সক্ষম হয় পুলিশ ও দমকল কর্মীরা। তবে নারকেল চুরি করতে এসে কীভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হল, তা নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। তবে ঘটনায় নিরাপদে উদ্ধার করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন: বীরভূমের লাভপুরে রামমন্দিরে ভাঙা হল রাম-সীতার মূর্তি, ছড়ানো রক্ত
এদিকে গতকাল, মঙ্গলবার, দুপুর থেকে রাত পর্যন্ত চলা এই উদ্ধার অভিযান ঘিরে এলাকায় ভিড় জমেছে। অনেকেই সেই ঘটনার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, গোটা ঘটনায় নেটিজেনরাও বেশ এসেছে। অন্যদিকে স্থানীয়দের তরফে জানানো হয়েছে, এর আগেও একাধিকবার চুরির ঘটনায় ধরা পড়েছে ওই যুবক। কিন্তু পরে ছেড়ে দেওয়া হলেও পুনরায় সে একই ঘটনা ঘটিয়েছে।










