প্রীতি পোদ্দার, কলকাতা: রাতের অন্ধকারে রামমন্দিরে ভাঙচুর, রাম সীতার মূর্তি ভাঙার পাশাপাশি মন্দিরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের মতন অনভিপ্রেত পদার্থ। আর এই খবর প্রকাশ্যে আসতেই মহা শোরগোল শুরু হয়েছে বীরভূমে (Birbhum)। এদিকে ঘটনার খবর পেয়ে বীরভূমের পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে (Birbhum Ram Mandir Vandalism) পৌঁছে তদন্ত শুরু করেন। এমনকি ওই অনভিপ্রেত পদার্থগুলি আসলে কী তা যাচাই করতে ফরেনসিক টিমকেও খবর দেওয়া হয়।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত সোমবার, বীরভূম জেলার লাভপুরের চৌহাট্টায় একটি রাম মন্দিরে রাতের অন্ধকারে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। পরের দিন সকালে মন্দিরের ভিতর রাম সীতার মূর্তি ভাঙার পাশাপাশি মন্দিরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে রক্তের মতো একটি পদার্থ। যাকে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু ওই তরল পদার্থগুলি আসলে কী তা বোঝা যাচ্ছে না। স্থানীয়দের তরফে পুলিশ খবর দিলে বীরভূমের পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন।
আরও পড়ুন: কুনো জাতীয় উদ্যানে চিতা শাবকের মৃত্যু, শরীরে মিলল একাধিক গুলি
ঘটনাস্থলে উপস্থিত ফরেনসিক দল
বীরভূমের মন্দিরে ঘটনার তদন্ত করতে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফরেনসিক দল। মন্দিরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্ধৃত পদার্থগুলি আসলে কী তা জানার জন্যই মূলত তাঁদেরকে খবর দেওয়া হয়েছিল। তাঁরা সংগৃহীত নমুনা পরীক্ষা-নিরীক্ষা করে জানাতে পারবেন সেগুলি আসলে কী। এদিকে গত ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক স্থানীয় বাসিন্দা জানান, “এমন জঘন্য কাজ হওয়া উচিত হয়নি। আমাদের হিন্দুদের কাছে এটি খুবই কষ্টদায়ক। এর একটা বিহিত হওয়ার দরকার। নইলে আমরা সকলেই এর প্রতিবাদ করব।”
আরও পড়ুন: সাতসকালে শিলিগুড়িতে শিক্ষিকাকে কুপিয়ে খুনের চেষ্টা, এলাকায় চাঞ্চল্য
রাতের অন্ধকারে মন্দিরে কীভাবে ভাঙচুর চালানো হল, এর পিছনে কারা রয়েছে এবং ঠিক কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এছাড়াও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করেছে পুলিশ। বীরভূমের পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও একটা টিমকে ডাকা হয়েছে। আমরা ঘটনাটির তদন্ত করছি এবং যত দ্রুত সম্ভব রহস্য উন্মোচনের চেষ্টা করছি।”










