হতে পারে বিপুল বিনিয়োগ! বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে আজই বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় ডবল ইঞ্জিন সরকারের আমলে নতুন করে গতি পাচ্ছে শিল্প। বড় বড় শিল্পপতিরা কোটি কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছেন বাংলায়। সেই তালিকায় এবার যুক্ত হলেন বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগারওয়াল। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী খবর, বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তিনি। আর এই সাক্ষাতে রাজ্যে বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব পেশ করার সম্ভাবনা রয়েছে।

বাংলায় ফের বড় অঙ্কের বিনিয়োগ

সূত্র বলছে, কলকাতায় এসে বুধবার সকালে প্রথমে একটি কর্পোরেট কর্মসূচি এবং কয়েকটি বোর্ডের উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করতে পারেন বেদান্ত প্রধান। আর সেই সময় পূর্ব নির্ধারিত বৈঠক সম্পন্ন করার পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত বৈঠকেই বাংলার শিল্প সম্ভাবনা নিয়ে হতে পারে বিস্তর আলোচনা। এমনকি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারেন তিনি।

আরও পড়ুন: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে ফের দাম কমল সোনা, রুপোর

জানিয়ে রাখি, বর্তমানে প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকার এই শিল্প গোষ্ঠীর দেশের বিভিন্ন প্রান্তে বহু প্রকল্প চালু রয়েছে। তবে পশ্চিমবঙ্গ তাদের কোনও ধরনের বাণিজ্যিক বিনিয়োগ এখনও পর্যন্ত নেই। রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, আলোচনা এবং পরিকল্পনা ইতিবাচক দিকে এগোলে এটাই হতে চলেছে বাংলায় বেদান্ত গোষ্ঠীর প্রথম সরাসরি বিনিয়োগ।

যদিও এর আগে বামফ্রন্ট সরকারের জমানায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কার্যকালে আসানসোলের অদূরে বিধানবাদে প্রায় ২০ হাজার কোটি টাকার একটি বিনিয়োগের প্রস্তাব এনেছিল বেদান্ত গোষ্ঠী। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে সেই প্রকল্প শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। অন্যদিকে তৃণমূলের আমলে তলানিতে ঠেকেছিল শিল্প। তবে রাজ্যে সরকার বদল হতেই ফের বিনিয়োগের আশ্বাস দিয়েছে এই গোষ্ঠী। দীর্ঘ কয়েক বছর পর অনিল আগরওয়ালের এই কলকাতা সফর আর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ এবং শিল্প মহল।

আরও পড়ুন: বাংলার সপ্তম বেতন কমিশনে ন্যূনতম বেসিক পে ৪৫,০০০ টাকা

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, বেদান্ত গোষ্ঠী এবার বাংলায় অ্যালুমিনিয়াম, জিংক, তামা, লৌহ আকরিক, তেল এবং গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ খাতে বিনিয়োগ করতে পারে। আর এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে সেগুলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং বাংলার শিল্প খাতকে আরও শক্তিশালী করবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।

google button