প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে বঙ্গে নির্বাচনের দিন (West Bengal Election 2026)। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল বঙ্গে দুই দফায় ভোট হতে চলেছে। এদিকে দ্বিতীয় দফার দিন ভোট হতে চলেছে বিধাননগরে (Bidhannagar)। তাই নিয়ম অনুযায়ী গতকাল সোমবার মনোনয়ন পেশ করলেন সেখানকার তৃণমূল প্রার্থী সুজিত বসু (Sujit Bose)। তাঁর মনোনয়ন ঘিরে বিপুল জনসমাগম দেখা গিয়েছিল। আর সেখানেই সম্পত্তি সংক্রান্ত হলফনামায় দেখা যাচ্ছে, সুজিত বসু রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি পেশায় একজন ব্যবসায়ী, এছাড়াও একাধিক বিনিয়োগও রয়েছে তাঁর।
মনোনয়ন জমা সুজিত বসুর
বিধাননগরের বিধায়ক হলেন সুজিত বসু। শুধু রাজনীতিই নয়, এর বাইরেও নানা কর্মকাণ্ডে বছরভর দেখা যায় সুজিত বসুকে। সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিংয়ের দুর্গাপুজো রাজ্যবাসীর কাছে বেশ জনপ্রিয়। এবার তাঁকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধাননগরের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আর সেই কারণে চলছে জোরদার প্রচার। গতকাল, সোমবার, বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু সল্টলেকের প্রশাসনিক ভবনে পৌঁছে মনোনয়ন জমা দিয়েছিলেন। আর সেই সূত্রেই জানা গিয়েছে সুজিত বসুর সম্পত্তির পরিমাণ কোটি টাকারও বেশি। তবে সুজিত বসুর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা নেই।
সুজিত বসুর সম্পত্তি বেড়েছে তিনগুণ
সুজিত বসুর হলফনামা অনুযায়ী দেখা যাচ্ছে, ১৯৮০ সালে মাধ্যমিক পাশ করেছিলেন ক্যালকাটা জুবিলি ইনস্টিটিউশনে। এরপর ওই একই বছর মোতিঝিল কলেজ অব কমার্সে একাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। এবার আসা যাক সম্পত্তির তথ্যে। সুজিত বসুর সম্পত্তি গত পাঁচ বছরে তিনগুণ বেড়েছে। এই মুহূর্তে সুজিত বসুর হাতে নগদ রয়েছে ২ লক্ষ ৭ হাজার ৯৩২ টাকা। এছাড়াও তাঁর নামে পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সেখানে মোট অর্থের পরিমাণ ১ কোটি ২০ লক্ষ ১১ হাজার ৭০১। এছাড়াও শেয়ার, ডিবেঞ্চার-সহ একাধিক খাতে বিনিয়োগ করেছেন ১৩ লক্ষ ২ হাজার ২৪২ টাকা।
স্থাবর সম্পত্তির পরিমাণ কত সুজিত বসুর?
সুজিত বসুর নিজস্ব একটি স্করপিও গাড়ি রয়েছে, বাজারে যার দাম ২৩ লক্ষ ৩০ হাজার টাকার বেশি। এছাড়াও সংগৃহীত সোনাও রয়েছে মোট ৬৫৯ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য ৯ লক্ষ ৮৯ হাজার ৮০ টাকা। সবমিলিয়ে মোট ১ কোটি ৯২ লক্ষ ৪১ হাজার ১৯৮ টাকার অস্থাবর সম্পত্তির মালিক সুজিত বসু। অন্যদিকে স্থাবর সম্পত্তি বলতে লেকটাউন শ্রীভূমির ক্যানাল স্ট্রিট রোডে দুটি বাসভবন রয়েছে তাঁর। নেই কোনো নিজস্ব কৃষ্টি জমি। এছাড়া লেকটাউনে একটি বাণিজ্যিক ভবন আছে, যা শপিং কমপ্লেক্স হিসেবে চিহ্নিত। সবমিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ মোট ১ কোটি ৮০ লক্ষ ১৬ হাজার ৪৫৪ টাকা। আয়ের উৎস হিসেবে হলফনামায় সুজিত জানিয়েছেন, তাঁর আয়ের উৎস ব্যবসা ও ব্যাঙ্কে জমানো টাকার সুদ।
আরও পড়ুন: ভোটের আগে ফের বাংলায় মোদী, টানা ৪ দিন জনসভা ও রোড শো! কোথায় কোথায়?
প্রসঙ্গত, সুজিত বসুর স্ত্রী স্বর্ণালি বসুরও সম্পত্তির পরিমাণ নেহাৎ কম নয়। হাতে নগদ রয়েছে ৩ লক্ষ ১৮ হাজার ৬৯ টাকা। এছাড়াও দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৫ লক্ষ ১৮ হাজার ২৪৭ টাকা জমা। বিনিয়োগের পরিমাণতাঁর ৭ লক্ষ ২০ হাজার ৭০৬ টাকা। একটি ব্যালেনো গাড়ি রয়েছে স্বর্ণালিদেবীর, যার দাম ৮ লক্ষ ৭ হাজার ১৪২ টাকা। রয়েছে ৮৯৪ গ্রামেরও বেশি ১১ লক্ষ ৯৫ হাজার ৬৬৭ টাকার সামগ্রী। সবমিলয়ে মোট ৫৩ লক্ষ ৫৯ হাজার ৮৩১ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে স্বর্ণালি বসুর। পাশাপাশি ৫ টি বাসভবন এবং ৩ কোটি ৮০ লক্ষ ১৯ হাজার ৫০৭ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে স্বর্ণালী দেবীর।












