ভারতে তৈরি গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বে! রপ্তানিতে ভাঙল সর্বকালের রেকর্ড

Published:

India Car Export

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতে তৈরি গাড়ির জনপ্রিয়তা বিদেশে দিনের পর দিন বাড়ছে (India Car Export)। এরই প্রমাণ মিলল সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে। ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতে তৈরি যাত্রীবাহী গাড়ি রফতানির মূল্য ইতিহাসে প্রথমবার ৮০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। এমনকি শুধু তাই নয়, রফতানির মোট মূল্য এবার নতুন রেকর্ড গড়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আওতায় বাণিজ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষে ভারত থেকে যাত্রীবাহী গাড়ি রফতানির মূল্য দাঁড়িয়েছে ৭৯,৯৬৭.৩৫ কোটি টাকা, যা আগের অর্থবর্ষের তুলনায় ৩০.৫৯ শতাংশ বেশি।

কোন কোন দেশে সবথেকে বেশি রফতানি হচ্ছে ভারতের গাড়ি?

ভারতীয় গাড়ির সবথেকে বড় ক্রেতাদের তালিকায় রয়েছে একাধিক দেশ, যার মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিণ আফ্রিকা। এছাড়া সৌদি আরব থেকে শুরু করে মেক্সিকো, জাপানসহ একাধিক দেশে চাহিদা রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকায় প্রায় ১৩,২৭৯.৪৬ কোটি টাকার গাড়ি রফতানি হয়েছে। পাশাপাশি সৌদি আরবে হয়েছে ১১,০৭০.৪৭ কোটি টাকা, মেক্সিকোতে হয়েছে ৯৯২২.১৩ কোটি টাকা এবং জাপানে হয়েছে ৭১২৩.২৯ কোটি টাকা। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিশাহী, চিলি, পেরু, শ্রীলঙ্কা, কলম্বিয়া, অস্ট্রেলিয়া সহ একাধিক দেশে ভারতীয় গাড়ি রফতানি হচ্ছে।

তবে চলতি অর্থবর্ষে ইউরোপীয় বাজারে ভারতীয় গাড়ির চাহিদা একেবারে আকাশছোঁয়া বেড়েছে। বিশেষ করে স্পেন, যুক্তরাষ্ট্র, নরওয়ে এবং ডেনমার্কে রফতানি মূল্য কয়েকগুণ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, উচ্চ মূল্যের বৈদ্যুতিক গাড়ি রফতানি বাড়ার কারণে এই সাফল্য। এমনকি মারুতি সুজুকির eVitara এর ইউরোপের একাধিক দেশে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আর গুজরাটের উৎপাদন কেন্দ্র থেকে এই মডেল ইতিমধ্যেই বহু দেশে রফতানি করা হয়েছে।

তবে শুধুমাত্র রফতানির মূল্য নয়, বিদেশে পাঠানো গাড়ির সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের একটি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে মোট রফতানি হয়েছে ৯,০৫,২০০টি গাড়ি, যেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে রফতানি হয়েছিল ৭,৭০,৩৯৪টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে গাড়ির রফতানি প্রায় ১৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: বোমা বেঁধে কীভাবে স্নাতকোত্তর? শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার

কোন মডেলগুলোর চাহিদা সবথেকে বেশি?

২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের সবথেকে বেশি রফতানি হওয়া গাড়িগুলির তালিকায় প্রথমেই রয়েছে মারুতি সুজুকি Fronx। তালিকা বলছে—

  • Maruti Suzuki Fronx রফতানি হয়েছে ৯০,১৮৬ ইউনিট
  • Maruti Suzuki Jimny রফতানি হয়েছে ৭২,২০৯ ইউনিট
  • Hyundai Accent/Verna রফতানি হয়েছে ৬৩,০৪৪ ইউনিট
  • Nissan Magnite রফতানি হয়েছে ৫৬,৭০৪ ইউনিট
  • Maruti Suzuki Swift রফতানি হয়েছে ৫৩,৬৬১ ইউনিট
  • Hyundai Grand i10 রফতানি হয়েছে ৫৩,১৮১ ইউনিট
  • Maruti Suzuki Baleno রফতানি হয়েছে ৪১,০৩২ ইউনিট
  • Maruti Suzuki Dzire রফতানি হয়েছে ৪০,৯৭৯ ইউনিট
  • Maruti Suzuki S-Presso রফতানি হয়েছে ৪০,২১০ ইউনিট