মহিলাদের অসম্মান, কবীর সুমনের বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মানসিকভাবে না হলেও একটা কোনও অনাবিল আকর্ষণ থেকে তৃণমূল কংগ্রেসের নানান পথসভা থেকে শুরু করে দলীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতেন বিখ্যাত গায়ক তথা বাঙালি সুরকার কবীর সুমন (Kabir Suman) ওরফে সুমন চট্টোপাধ্যায়। গায়কের বক্তব্যের মধ্যে দিয়ে বহুবার বামপন্থী ঘেঁষা মনোভাব প্রকাশ পেয়েছে। তবে বিজেপিকে একেবারেই যেন পছন্দ করেন না তিনি। একেবারে ঠোঁটকাটা সুমন চট্টোপাধ্যায় হিন্দুত্বে যে খুব বিশ্বাসী এমনটা বললে ভুল বলা হবে। এবার সেই সুমনের বিরুদ্ধেই নেতাজিনগর থানায় দায়ের হল লিখিত অভিযোগ। জাতির কথা নামক এক সংগঠন গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

কেন সুমনের বিরুদ্ধে দায়ের করা হল অভিযোগ?

মামলাকারী ওই সংগঠনটি একেবারে স্পষ্ট দাবি, কবীর সুমন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে নারীদের অপমান করার পাশাপাশি হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন। জাতির কথা নামক ওই সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়া মারফত জানানো হয়, “কবীর সুমন নিজেকে প্রচন্ড বুদ্ধিজীবী মনে করেন। তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেন, বিশেষ করে মহিলা এবং বাঙালিদের প্রতি যে ভাষা ব্যবহার করেন বাঙালি হিসেবে এই ধরনের ভাষা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের কথা বরদাস্ত করা যায় না।”

ওই সংগঠনটির তরফে এও দাবি করা হয়েছে, “নারীদের অপমান এবং হিন্দু ভাবাবেগে আঘাত করার জন্য ওই শিল্পীকে যাতে জেলে ঢোকানো যায় তার সব কাজ করব আমরা। আমাদের প্রত্যেক সদস্য সংঘবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা সঠিক বিচার পাবোই।” সব মিলিয়ে বলাই যায়, বিধানসভা নির্বাচনের পরপরই এবার বড্ড বিপাকে বাঙালি গায়ক। যদিও পুলিশ সূত্রে খবর, প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত সুমনের বিরুদ্ধে কোনও FIR হয়নি। তবে নিয়ম মেনে চলছে খোজ খবর।

অবশ্যই পড়ুন: ডিওডোরেন্ট ছাড়াই শরীর থাকবে ফ্রেশ! গরমে ঘামের দুর্গন্ধ দূর করুন ঘরোয়া উপায়ে

উল্লেখ্য, এর আগে তৃণমূলের টিকিটের লোকসভার প্রার্থীও হয়েছিলেন কবীর সুমন। গত মার্চ মাসে, ধর্মতলার ধরনা মঞ্চ থেকে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে সরব হয়েছিলেন। একহাত নিয়েছিলেন বিরোধীদের! যদিও এর আগে একবার তিনি নিজেই স্বীকার করে নিয়েছিলেন যে তিনি একেবারেই তৃণমূলপন্থী নন। তবে এক সাক্ষাৎকারে সুমন জানিয়েছিলেন, সিপিআইএম এবং তৃণমূলের আমলে রাজ্যে মহিলারা সুরক্ষিত ছিল। আশা করি এই সরকারও এই ধারা বজায় রাখবে।