ডিওডোরেন্ট ছাড়াই শরীর থাকবে ফ্রেশ! গরমে ঘামের দুর্গন্ধ দূর করুন ঘরোয়া উপায়ে

Published:

Get Rid Of Body Odor

প্রীতি পোদ্দার, কলকাতা: অনেকেই ভাবেন অতিরিক্ত ঘামের কারণে গায়ের থেকে দুর্গন্ধ (Body Odor) বের হয়, কিন্তু মনে রাখতে হবে শুধু ঘাম থেকেই নয়, শরীরে থাকা নানা ব্যাকটেরিয়াও এই দুর্গন্ধের অন্যতম কারণ। আসলে এই ব্যাকটেরিয়াগুলো ঘামের সঙ্গে মিশে দুর্গন্ধ তৈরি করে। এর জন্য বাজারে হাজারো ডিওডরেন্ট ও পারফিউম থাকলেও, সেগুলির রাসায়নিক উপাদান অনেক সময় ত্বকের বেশ ক্ষতি করে। তবে চিন্তা নেই কিছু সহজ ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান (Get Rid Of Body Odor) করা সম্ভব। তাই চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

লেবুর রস

লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড শরীরের ব্যাকটেরিয়া ধ্বংস করতে বেশ সাহায্য করে। তাই স্নানের আগে অর্ধেক লেবু বগল বা পায়ের তলায় ঘষে নিন। তবে ত্বকে ক্ষত থাকলে লেবু ব্যবহার এড়িয়ে চলাই ভালো। এছাড়াও ত্বক সেনসিটিভ হলে আগে প্যাচ টেস্ট করে নেওয়াই ভালো।

অ্যাপেল সাইডার ভিনিগার

ত্বকের pH ব্যালেন্স ঠিক রাখতে অ্যাপেল সাইডার ভিনিগার ম্যাজিকের মতো কাজ করে। এমনকি ব্যাকটেরিয়া মারতেও বেশ সাহায্য করে। তাই একটি তুলোয় সামান্য ভিনিগার নিয়ে বগল এবং পায়ের তলায় লাগিয়ে রাখুন এবং কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন ব্যবহার করলেই শরীরে দুর্গন্ধ দূর হবে।

পর্যাপ্ত জল পান

শরীর ভেতর থেকে বিষাক্ত পদার্থ বের না হলে ঘামের গন্ধ তীব্র হয়। তাই প্রচুর পরিমাণে জল পান করা উচিত। যা শরীরকে ডিটক্স করে ঘামের ঘনত্ব ও গন্ধ দুই-ই কমিয়ে দেয়। দিনে অন্তত ৩-৪ লিটার জল পান করা উচিত। এছাড়াও প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ঠান্ডা জলে স্নান করলে শরীর ঠান্ডা থাকে এবং ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা কমে যায়। এতে শরীরে ঘাম জমার পরিমাণও হ্রাস পায়।

আরও পড়ুন: গরম পড়তেই বাড়ছে চন্দ্রবোড়া সাপের উপদ্রব! বিপদ এড়াতে করুন এই চার কাজ

হালকা পোশাক নির্বাচন

গরমের সময় টাইট বা সিন্থেটিক কাপড় পড়লে আরও বেশি অস্বস্তি শুরু হয়। কারণ এ ধরনের কাপড় ঘাম একদমই শুষে নিতে পারে না, ফলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। তাই এই সময় ঢিলেঢালা সুতির পোশাক পরা উচিত। এতে বাতাস চলাচলের সুযোগ পাবে এবং ঘাম দ্রুত শুকিয়ে যায়।