আনিষা চৌধুরী, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকায় (America) গিয়ে বিপাকে পড়লেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী (Singer) ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ও তাঁর দলের সদস্যরা। ডালাস বিমানবন্দরে (Dallas Airport) আমেরিকান এয়ারলাইন্সের কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও হেনস্তার অভিযোগ তুলেছেন গায়িকা। তাঁর দাবি, বোর্ডিং পাস থাকা সত্ত্বেও নির্ধারিত বিমানে উঠতে পারেননি তাঁরা। এমনকী, বোর্ডিং গেট থেকে তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। তবে সমস্ত বাধা পেরিয়ে শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ায় পৌঁছেছেন ইমন ও তাঁর সঙ্গীরা।
ঠিক কী নিয়ে সমস্যার সূত্রপাত?
শুধু এই বছর নয়, প্রতি বছরই দুর্গাপুজোর মরশুমে বিদেশে একাধিক অনুষ্ঠানের অংশ হয়ে ওঠেন ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী। এবারও তার অন্যথা হয়নি। নিউ জার্সিতে একটি পুজোর অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তাঁর। সেই উদ্দেশ্যেই দলের সদস্যদের নিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন গায়িকা। কিন্তু বিপত্তি ঘটলো ডালাস বিমানবন্দরে। পরবর্তী বিমানে ওঠার সময়ই এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলেন গায়িকা।
বিভিন্ন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইমন অভিযোগ করেছেন, নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছনো এবং বোর্ডিং পাস থাকা সত্ত্বেও তাঁদের বিমানে উঠতে দেওয়া হয়নি। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। চুপচাপ সবটা সহ্য না করে প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে তাঁর দাবি।
বাদ্যযন্ত্র নিয়েও আপত্তির অভিযোগ
ইমন ও তাঁর দলের সদস্যদের সঙ্গে থাকা পেশাদার বাদ্যযন্ত্র নিয়েও বিমানবন্দর কর্মীদের তরফ থেকে আপত্তি তোলা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিমান সংস্থার কর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। গায়িকার দাবি, সেই সময় তাঁর এবং দলের অন্য সদস্যদের সঙ্গে অভব্য আচরণ করা হয়। এমনকী, ধাক্কা দিয়ে তাঁদের বোর্ডিং গেট থেকে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ তুলেছেন তিনি।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজের অভিজ্ঞতার কথা জানান ইমন। তাঁর বক্তব্য ঘিরে অনুরাগীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়। যদিও বিমান সংস্থার তরফ থেকে ঠিক কী কারণে তাঁদের বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এখনও সামনে আসেনি।
ডালাস বিমানবন্দরের ঘটনায় সমস্যায় পড়লেও শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছতে পেরেছেন ইমন ও তাঁর দলের সদস্যরা। সুত্র অনুযায়ী, পরে ফিলাডেলফিয়া থেকে নিরাপদে পৌঁছনোর খবর দেন গায়িকা। পাশাপাশি, নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতির কথাও জানা গিয়েছে। দলের সদস্যদের নিয়ে নিরাপদে পৌঁছনোর খবর পেয়ে স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: চোরবাগানে নিহতদের পরিবারের সাথে দেখা করবেন মুখ্যমন্ত্রী, মণ্ডপে VIP লাইনের দিন শেষ!
উল্লেখ্য, ডালাস বিমানবন্দরের ঘটনাটি নিয়ে ইমনের অভিযোগ সামনে এলেও এই ঘটনা নিয়ে আমেরিকান এয়ারলাইন্সের কোনওরকম প্রতিক্রিয়া এখনও মেলেনি।










