বিক্রম ব্যানার্জী, কলকাতা: সপ্তমীর রাতে, গোটা কলকাতা তখন উৎসবে ডুবে (Kolkata Durga Puja)। ঠিক সেই সময়ে অকালে ঝরে যায় কিছু তরতাজা প্রাণ। চোরবাগানের বিপর্যয় নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যবাসীকে। এবার সেই ঘটনায় নিহতদের বাড়িতে যাওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চোরবাগানের ওই ঘটনা নিয়ে ভবানী ভবনের জরুরী বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, নবমী এবং দশমীর দিন নিহতদের বাড়ি বাড়ি যাবেন তিনি। একই সাথে গোটা ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু।
নিহতদের পরিবারের সাথে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী
গতকাল অর্থাৎ শনিবার, চোরবাগান সার্বজনীনের পুজো মন্ডপের ছিল লম্বা লাইন। সেই ভিড় ঠেলেই একটু একটু করে মণ্ডপের দিকে এগোচ্ছিলেন দর্শনার্থীরা। সূত্রের যা খবর, মন্ডপের সামনে প্রচন্ড ভিড়ের কারণে মন্ডপটির সামনের একটি গেট হঠাৎ ভেঙে পড়ে যায়। ঠিক সেই সময় আতঙ্ক তৈরি হয় বাকির দর্শনার্থীদের মধ্যে। লেগে যায় হুড়োহুড়ি। আর তাতেই পদপিষ্ট হয়ে 19 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আহতদের দ্রুত পাঠানো হয় কলকাতা মেডিকেল কলেজে।
এদিন পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ময়দানে নেমেছিল উদ্ধারকারী দল। মাঠে নামানো হয়েছিল পুলিশের বিশেষ বাহিনীকেও। বলা যেতে পারে, পুজোর আবহে ভিড় সামাল দিতে বিভিন্ন পুজো কমিটির যে যথেষ্ট গাফিলতি রয়েছে সেটাই একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল চোরবাগানের বিপর্যয়। আর সেখান থেকে শিক্ষা নিয়ে এবার বিপর্যয় এড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।
আরও পড়ুন: ৬ মাসের মধ্যে টাকা ফেরত পাবেন রোজভ্যালির আমানতকারীরা, নতুন ওয়েবসাইট চালু কমিটির
এদিন ভবানী ভবনে জরুরী ভিত্তিতে বৈঠক সেরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিলেন, তিনি নবমী এবং দশমীর দিন নিহতদের পরিবারের সাথে দেখা করবেন। একই সাথে রবিবার মন্ত্রী জানালেন, গোটা ঘটনায় স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত হবে। এখানেই শেষ নয়, দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার শহরের বড় পুজো মন্ডপগুলির সামনে আর ভিআইপি লাইন রাখা যাবে না বলেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, প্রত্যেককে একটা লাইন দিয়ে ঢুকে ঠাকুর দেখতে হবে।










