৬ মাসের মধ্যে টাকা ফেরত পাবেন রোজভ্যালির আমানতকারীরা, নতুন ওয়েবসাইট চালু কমিটির

Published:

Rose valley

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ৬ মাসের মধ্যেই রোজভ্যালির (Rose Valley) টাকা ফেরত পাবেন আমানতকারীরা। দীর্ঘদিন অচল হয়ে থাকার পর রোজভ্যালি অ্যাসেস্টস ডিসপোজাল কমিটির কাজে ফিরল গতি। সম্প্রতি এই কমিটির তরফ থেকে নতুন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। যার ফলে আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া অনেক দ্রুত গতিতে এগোচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের। এমনকি বর্তমানে সুদসহ প্রায় ৪৯২.৫২ কোটি টাকা আগামী ৬ মাসের মধ্যেই প্রকৃত দাবিদারদের মধ্যে বিলি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে খবর।

রোজভ্যালির টাকা নিয়ে সুখবর

রোজভ্যালি অ্যাসেস্টস ডিসপোজাল কমিটির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যে সমস্ত আমানতকারী এডিসি ওয়েবসাইটে (www.rosevallryadc.com) তাঁদের দাবি আপলোড করেছেন, তাঁদের অবশ্যই সেই দাবির কপি বা আবেদনে সক্রিয় এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর আপডেট করতে হবে। এরপর প্রতিটি দাবিদারকে তাঁদের আধার কার্ড আপলোড করতে হবে এবং আধার কার্ডের সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে হবে, যেখানে অর্থ প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিনিয়োগকারী বা দাবিদারদের এই কাজটি ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যেই এডিসি ওয়েবসাইটে সম্পন্ন করতে হবে, যাতে কমিটি আরও ভালো পরিষেবা প্রদান করতে এবং সংশ্লিষ্ট আমানতকারীদের নিয়মিত এসএমএস পাঠাতে পারে। যারা এখনও পর্যন্ত তাঁদের দাবি আপলোড করেননি, তাঁদের অবিলম্বে এডিসি ওয়েবসাইটে দাবি আপলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ, দাবি আপলোড করার শেষ তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস, আহত ১৫০ পুলিশ! ফ্রান্সজুড়ে আন্দোলনে ৫.৫ লক্ষ মানুষ

এদিকে প্রকৃত দাবিদারদের মধ্যে টাকা বিলির লক্ষ্যে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বাধীন এই কমিটির তরফ থেকে আরও জানানো হয়েছে, ২০১৫ সালে কমিটি গঠিত হলেও পরিকাঠামো এবং প্রশাসনিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরে কাজ এগোয়নি। ২০২৩ সালে হাইকোর্টের নির্দেশের পর অফিস, ওয়েবসাইট এবং জনবল গড়ে তোলা হয়েছিল। এরপর ২০২৪ সালের অক্টোবর মাস থেকে আমানত ফেরত প্রক্রিয়া শুরু হয়। ওই কমিটির দাবি, আগের ওয়েবসাইটে মাসে মাত্র ১০ থেকে ১২ হাজার দাবি নিষ্পত্তি হলেও নতুন পোর্টাল চালু হওয়ার পর প্রতিটি ব্যাংকের কর্মদিবসে গড়ে প্রায় ৩ হাজার দাবি মেটানো যাবে।

google button