আর মাত্র কটা দিন! আসছে বিগ বস বাংলা, কারা জায়গা করে নিলেন প্রতিযোগীদের তালিকায়?

Published:

Bigg Boss Bangla

অনন্যা সরকার, কলকাতা: অনেকদিন পর আবার বাংলায় শুরু হতে চলেছে জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো, ‘বিগ বস’ (Bigg Boss Bangla)। চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে নানা খেলা ও বিনোদনের লড়াই দেখার জন্য দর্শকমহল অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ৩০ আগস্ট গ্র্যান্ড ওপেনিং হবে বিগ বস বাংলার। সঞ্চালকের ভূমিকায় থাকছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন সিজন হওয়ার আগেই দর্শকদের মধ্যে প্রতিযোগীদের নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। যদিও, নির্মাতা বা চ্যানেল কর্তৃপক্ষের চরম গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে, তাও কানাঘুষো বেশ কিছু নাম শোনা যাচ্ছে।

বিগ বস বাংলায় প্রতিযোগী হিসেবে কাদের দেখা যেতে পারে?

টেলিভিশনের জনপ্রিয় মুখদের মধ্যে শন বন্দ্যোপাধ্যায়, সৃজলা গুহ, মনামী ঘোষ।এবং সোনামণি সাহার নাম বিগ বস বাংলার আসন্ন সিজনের প্রতিযোগী হিসেবে প্রবলভাবে উঠে আসছে। প্রয়াত অভিনেতা তাপস পালের মেয়ে সোহিনী পালকে নিয়েও জোর জল্পনা চলছে, যেহেতু তাপস পালের স্ত্রী নন্দিনী পাল অতীতে এই শোয়ে অংশগ্রহণ করেছিলেন। তাই সোহিনী নতুন সিজনের অংশ হন কিনা, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এছাড়াও, অভিনেতা ভরত কল এবং সায়ক চক্রবর্তীও এই শোয়ে অংশগ্রহণ করছেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর ‘লাফটার সেন’ ও ঝিলম গুপ্তার  সাথে জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহাকেও বিগ বসে দেখা যেতে পারে। 

এদিকে, ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবেও উঠে আসছে বেশ কিছু চমকপ্রদ নাম। শো চলাকালীন অভিনেতা বনি সেনগুপ্ত ও জীতু কমলের এন্ট্রি হবে বলে অনেকে মনে করছেন। আগেও বিগ বসে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে দেখা গিয়েছিল, তিনি এই সিজনেও মুখ দেখাতে পারেন বলে শোনা যাচ্ছে। এছাড়া, অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরও তালিকায় রয়েছেন।

আরও পড়ুন: বিনামূল্যে রেশন নিতে এবার দেখাতে হবে টোকেন, না হলে মিলবে না সামগ্রী! নয়া নিয়ম রাজ্যে

তবে, সবচেয়ে বেশি চর্চা চলছে টলিউডের বিতর্কিত জুটি নুসরত জাহান এবং যশ দাশগুপ্তকে নিয়ে। তারা কি প্রতিযোগী হিসেবে শোয়ে থাকবেন, নাকি বিশেষ অতিথি হিসেবে তাদের দেখা যাবে এই বিষয়টি ব্যাপক কৌতূহল জাগিয়েছে দর্শক মনে। নাম এখনও প্রকাশ্যে না এলেও শোনা যাচ্ছে শো-তে বাড়তি আকর্ষণ যোগ করতে চলেছেন এক ফুটবলার এবং এক বিখ্যাত সেফ। গ্ল্যামারের ছোঁয়া আনতে ‘মিস ইউনিভার্স’-এর রানার-আপ অঙ্কিতা সিংও বিগ বসের বাড়িতে পা রাখতে পারে। শেষ পর্যন্ত কে জয়ের হাসি হাসবেন, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে আগামী ৩০ আগস্ট প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা সামনে এনে সকল জল্পনা-কল্পনার অবসান করবেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। ততদিন দর্শকদের ধৈর্য ধরে থাকতেই হবে।

google button