বিনামূল্যে রেশন নিতে এবার দেখাতে হবে টোকেন, না হলে মিলবে না সামগ্রী! নয়া নিয়ম রাজ্যে

Published:

Digital Currency Mode in Rationing

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর পরিবহন থেকে শিক্ষা, খাদ্য থেকে স্বাস্থ্য – একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রের খাদ্য গণবন্টন ব্যবস্থাকে আরও উন্নত করতে, কালোবাজারি রুখতে রেশন তালিকার সংশোধন থেকে শুরু করে বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণের পরিবর্তনের মতো একাধিক উল্লেখযোগ্য বদল এসেছে রেশন ব্যবস্থাতেও। এখন আবার বাংলার রেশন গ্রাহকদের জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে সরকার। আগস্ট মাস থেকেই বিনামূল্যে রেশন সংগ্রহের সময় কয়েকটি নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

রেশন ব্যবস্থাকে আরও মসৃণ করতে চালু হচ্ছে ডিজিটাল কারেন্সি মোড 

কেন্দ্রীয় খাদ্য দফতরের মুখ্যসচিব চলতি মাসের গোড়ার দিকে কলকাতা সফরে আসেন। সেইসময়ই ঘোষণা করা হয় রাজ্যে শীঘ্রই স্মার্ট রেশন কার্ড চালু হবে। তার আগে এবার বাংলার বিভিন্ন শহরে ডিজিটাল মুদ্রা ব্যবস্থা (Digital Currency Mode) চালু করা হচ্ছে। শোনা যাচ্ছে এখন থেকে শুধুমাত্র ডিজিটাল মুদ্রা বা কারেন্সির মাধ্যমেই রেশন মিলবে। ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল বা ই-পিওএস (e-POS) মেশিনের মাধ্যমে আর রেশন বন্টন করা হবে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, দুই শহর প্রধান জেলায় ডিজিটাল মুদ্রার মাধ্যমে রেশন দেওয়ায় একটি পরীক্ষামূলক প্রকল্প বা পাইলট প্রজেক্ট শীঘ্রই শুরু হতে চলেছে।

ডিজিটাল কারেন্সি মোডে গ্রাহকের মোবাইল ফোনের একটি টোকেন আসবে। সেই টোকেন দেখিয়ে বিনামূল্যে চাল ও গম পাওয়া যাবে। ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’-র অধীনে থাকা গ্রাহকরা এভাবেই রেশন পাবেন। প্রথমেই আধার কর্তৃপক্ষের কাছে আধার কার্ডের নম্বর ও আধার লিংকড মোবাইল নম্বরটি পাঠাতে হবে। সেখান থেকে অনুমোদন এলেই এই প্রক্রিয়ায় নথিভুক্ত হতে পারবেন উপভোক্তারা। 

আরও পড়ুন: সাংবাদিকরাও পাবেন মাসে ৫ হাজার পেনশন, কীভাবে আবেদন? বিজ্ঞপ্তি নবান্নর

তবে, ডিজিটাল কারেন্সি মোডের সুবিধা পাওয়ার জন্য স্মার্টফোন থাকা আবশ্যক। কারণ স্মার্টফোনেই আসবে সেই টোকেন। এই টোকেন বা ভাউচারটি রেশন দোকানে স্ক্যান করা হবে। তারপরেই মিলবে বিনামূল্যে খাদ্য সামগ্রী। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ই-পস যন্ত্রের ব্যবহার বন্ধ হলে প্রতি বছরে ৫৭৯ কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। রেশন সংক্রান্ত দুর্নীতি রুখতে নিয়মের আরও বদল ঘটতে চলেছে আগামী দিনে।