সাংবাদিকরাও পাবেন মাসে ৫ হাজার পেনশন, কীভাবে আবেদন? বিজ্ঞপ্তি নবান্নর

Published:

Journalist Pension

সৌভিক মুখার্জী, কলকাতা: ক্ষমতায় আসার আগেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠন করে সাংবাদিকদের ৫০০০ টাকা করে প্রতি মাসে পেনশন (Journalist Pension) দেওয়া হবে। অন্নপূর্ণা থেকে শুরু করে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, মহিলাদের সুরক্ষা ইত্যাদি একাধিক প্রতিশ্রুতি ইতিমধ্যেই রক্ষা করেছে শুভেন্দুর সরকার। সেই সূত্রে বাজেটেই সাংবাদিক ভাতা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের প্রতি মাসে দেওয়া হবে ৫০০০ টাকা করে ভাতা। এবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। কারা পাবেন জেনে নিন।

সাংবাদিক ভাতা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি নবান্নের

বাজেটেই রাজ্য সরকার জানিয়েছিল, এই ভাতা শুধুমাত্র অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্যই। তবে এবার সেই ভাতা পাওয়ার জন্য যোগ্যতার মাপকাঠি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

  • প্রথমত, সংশ্লিষ্ট ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ভোটার তালিকায় নাম থাকতে হবে।
  • দ্বিতীয়ত, আবেদন করার তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বয়স হতে হবে ৬০ বছর।
  • তৃতীয়ত, অবশ্যই আবেদনকারীকে অবসর গ্রহণের আগে পশ্চিমবঙ্গে সাংবাদিক, চিত্র সাংবাদিক, সংবাদ প্রতিনিধি বা ক্যামেরা পার্সন হিসেবে সংবাদ সংগ্রহ বা সংবাদ প্রযোজনার কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • পশ্চিমবঙ্গে ন্যূনতম ১০ বছর বসবাস করতে হবে, যদি তা না থাকে তাহলে সাংবাদিকতা পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অবশ্যই বর্তমানে চাকরি থেকে অবসর গ্রহণ করতে হবে।
  • নিয়মিত কোনও চাকরিতে নিযুক্ত থাকা যাবে না, এবং অন্য কোনও উৎস থেকে পেনশন গ্রহণ করা চলবে না। তবে পিএফ পেনশনের আওতায় অন্তর্ভুক্ত থাকতে পারেন সংশ্লিষ্ট সাংবাদিক।
  • বর্তমানে আবেদনকারীর মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হওয়া চলবে না।

আরও পড়ুন: “৭২ গোষ্ঠীকে OBC, মুসলিমদের ৯৮ শতাংশ সংরক্ষণ, এটাই তোষণ” বিস্ফোরক মুখ্যমন্ত্রী

কীভাবে এবং কবে আবেদন?

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পেনশন প্রকল্পের জন্য অফলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে রাজ্যের তথ্য অধিদপ্তর, তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তারপর আবেদনপত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় জমা দিতে হবে।

তথ্য অধিদপ্তরের পরিচালক, তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, নবান্ন, হাওড়া।

উল্লেখ করার বিষয়, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকেই এই পেনশন প্রকল্পের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। অনুমান করা হচ্ছে, অক্টোবর মাস থেকে মিলবে এই সুবিধা।