সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূল সরকারের আমলে সংরক্ষণ নিয়ে আইনি জটিলতা কম হয়নি। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে ওবিসি-তে অন্তর্ভুক্ত করা নিয়ে জল বহুদূর গড়ায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তুষ্টিকরণের রাজনীতি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে আজ সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শহরের প্রথম সারির এক সংবাদমাধ্যমের মেগা কনক্লেভ অনুষ্ঠানে বিগত সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
ওবিসি সংরক্ষণ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
সরকারের ১০০ দিন পূরণ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিগত সরকারকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার আমলে রাজ্যে সংখ্যালঘুদের সংরক্ষণ আর ভাতা দেওয়াকে তুষ্টিকরণ বলে আখ্যা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “আগের সরকারের মালিক যোগ বিয়োগ করতেন। ম্যাজিক ফিগার পেতে গেলে ৪৫% ভোট দরকার ছিল। এবার আমি যদি ৩০ থেকে ৩২% বিশেষ কমিউনিটিকে তোষামোদ করতে পারি, তাহলে কাজ হয়ে যাবে। কিন্তু এটা কী ধরনের তোষণ? শুধু মুসলিমদের দিয়েই সংরক্ষণ।”
শুভেন্দু আরও জানান, “জাতীয় ওবিসি কমিশন বলেছে, এই ১১০টা জাতি অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের। এর মধ্যে হিন্দুও রয়েছে। রয়েছে ১৭টা মুসলিম কমিউনিটিও। কিন্তু ওখানে হিন্দু-মুসলিম দেখা হয় না। কোনও সরকার তা করে না। রাজ্যে যিনি ছিলেন তিনি কী করলেন? তিনি দেখলেন, এদের চাকরি দিতে পারি কিনা দেখি। খেতে পাক কিংবা না পাক, একটা করে সার্টিফিকেট তো দিতে পারি। তাই ৭২টা মুসলিম জনগোষ্ঠীর ৯৮% ওবিসির আওতায় চলে এল। তবে মূল যারা ওবিসি, তারা রয়ে গেল ওবিসি বি। আর উনি ভোট ব্যাংকের তোষণের জন্য করে গেলেন ওবিসি। এটাই হল তোষণ।”
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা না পেয়ে ব্লক অভিস ভাঙচুর, মারধর! গ্রেফতার ২ মহিলা সহ ৩
পাশাপাশি তৃণমূলের আমলে একাধিক দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। মমতার আমলে চালানো ইমাম ভাতা নিয়ে তিনি বলেন, “বললেন আপনাদের ২০০০ টাকা ভাতা দেব। ইমাম সাহেবরা দাঁড়িয়ে উঠে বললেন, মোয়াজ্জিমদেরও কিছু দিতে হবে। তৎকালীন মুখ্যমন্ত্রী বলে দিলেন, ওদেরও ১০০০ টাকা দেব। আবার কয়েক হাজার পুরোহিতকেও পরে টাকা দিয়েছিল।” এমনকি মসজিদের মাইক খোলা নিয়েও এদিন সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যান্য মুসলিম দেশে এরকম হিউজ মাইকের আওয়াজ পাওয়া যায় না বলেই উল্লেখ করেন তিনি।










