মহানায়কের জন্মশতবার্ষিকীতে কটি স্পেশাল শাড়ি বানিয়েছিলেন ঋতুপর্ণা?

Published:

Rituparna Sengupta

আনিষা চৌধুরী, কলকাতা: মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতাজুড়ে চলছে নানা রকমের অনুষ্ঠান। গত ৩ সেপ্টেম্বর মহানায়কের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং পাঁচ দিনের এই বিশেষ উদযাপন শুরু হয়। অনুষ্ঠানে টলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি লক্ষ্য করা গেলেও, প্রথম দিন থেকেই আলাদা করে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তাঁর সাজের মধ্যেই ছিল মহানায়কের প্রতি শ্রদ্ধা জানানোর এক অভিনব উপায়। অভিনেত্রীর পরনের শাড়িতেই চোখ আটকে যাওয়ার জোগাড়! বিশেষভাবে তৈরি নকশার মাধ্যমে উত্তম কুমারের সিনেমার স্মৃতিকে নিজের পোশাকে তুলে ধরেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

শাড়িতে ফুটে উঠল ‘সপ্তপদী’র স্মৃতি

কমবেশি সবাই জানেন, মহানায়ক উত্তম কুমারের অন্যতম জনপ্রিয় ছবি ‘সপ্তপদী’। সেই ছবির স্মৃতিকে ভক্তদের মনে আরো একটু উসকে দিতে তৈরি করা হয়েছিল এই বিশেষ শাড়িটি। কাপড়ের নকশায় জায়গা পেয়েছিল ছবির পরিচিত বাইকের দৃশ্য, কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউনের প্রেমের গল্প এবং জনপ্রিয় গান ‘এই পথ যদি না শেষ হয়’-এর স্মৃতি। ফলে অভিনেত্রীর পোশাকটি শুধুমাত্র সাজের অংশ হয়ে থাকেনি, বরং মহানায়কের অভিনয়জীবনের একটি বিশেষ অধ্যায়কেও সামনে এনেছিল।

পাঁচ দিনে পাঁচ রকম ‘উত্তম-স্পেশাল’ শাড়ি

জানা গিয়েছে, পাঁচ দিনের এই অনুষ্ঠানের জন্য অভিনেত্রী ঋতুপর্ণা মোট পাঁচটি বিশেষ শাড়ি তৈরি করিয়েছেন। প্রতিটি শাড়ির নকশাতেই রয়েছে উত্তম কুমারের সঙ্গে যুক্ত কোনও না কোনও সিনেমা, গান কিংবা তাঁর জীবনের বিশেষ মুহূর্ত। কখনও পুরনো ছবির পোস্টার, আবার কখনও তাঁর সিনেমার দৃশ্য, এভাবেই পোশাকের মাধ্যমে মহানায়কের প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে, দায়ের মামলা

তবে এই অভিনব পোশাকের বিষয়টি কিন্তু উত্তম কুমারের সব ভক্তরা মেনে নিতে পারেননি। সমাজমাধ্যমে একাংশ ঋতুপর্ণার সমালোচনা ও কটাক্ষের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। উত্তম কুমারের থিমে শাড়ি পরা নিয়েই শুরু হয় নানা মন্তব্য। যদিও সেসব নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ ঋতুপর্ণা। তিনি স্পষ্ট জানিয়েছেন, নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না। তাঁর কথায়, “পাগলের কথায় কান দিই না!” সমালোচকদের পাশ কাটিয়ে মহানায়কের জন্মশতবর্ষ উদ্‌যাপনেই মন দিয়েছেন অভিনেত্রী।