টলিউডে শোকের ছায়া, অস্বাভাবিক মৃত্যু সহকারী পরিচালক দীপঙ্কর সরকারের, কী হয়েছিল?

Published:

সহেলি, মিত্র, কলকাতা: দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো কাটতেই টলিউডে (Tollywood) নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন সহকারী পরিচালক দীপঙ্কর সরকার (Dipankar Sarkar)৷ তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া৷ পরিচালক পথিকৃৎ বসুর একাধিক ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন দীপঙ্কর।

পরিচালক পথিকৃৎ বসুর ছবির সহকারী পরিচালক দীপঙ্করের মৃত্যু

তাঁর আকস্মিক মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। দীপঙ্করের মৃত্যুর খবর শুনে গভীরভাবে শোকাহত পরিচালক পথিকৃৎ বসুও। সূত্রের খবর, এই ঘটনা কোনওভাবেই মেনে নিতে পারছেন না তিনি। কীভাবে মৃত্যু হল দীপঙ্করের, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, মৃত্যুর খবর পাওয়ার পর দীপঙ্করের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন পথিকৃৎ। কিন্তু ফোনটি তাঁর স্ত্রী না ধরে পুলিশ ধরেছিল বলে সূত্রের দাবি। ফলে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে মৃত্যুর কারণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পরিচালক।

মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

সূত্রের খবর, কাজের সূত্রে কলকাতায় একাই থাকতেন দীপঙ্কর। পরিবারের থেকে দূরে থেকেই কাজ করতেন তিনি। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবর সহকর্মী ও পরিচিতদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তবে কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। কাজের সংক্রান্ত কোনও সমস্যা, নাকি ব্যক্তিগত জীবনে কোনও জটিলতা ছিল, সে বিষয়ে নানা প্রশ্ন উঠলেও কোনও কিছুই নিশ্চিত নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আরও তথ্যের অপেক্ষা করছেন সকলে।

আরও পড়ুন: ফুঁসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, হাওড়া সহ একাধিক রুটের ৫৩টি ট্রেন বাতিল করল রেল

এই বিষয়ে বিখ্যাত অভিনেতা রোহিত মুখার্জি মুখ খুলেছেন। তিনি নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘কিচ্ছু ভালো লাগছে না। দীপঙ্কর, এটা তুই কি করলি ভাই?! ভালো কাজ করছিলি, এই তো সেদিন ফোন করলি একটা ছবির জন্য। এভাবে কেউ চলে যায়?!’

google button