বাসেই ফেলে গিয়েছিলেন ৩ লক্ষ টাকার ব্যাগ, ফেরত দিয়ে নজির গড়লেন কন্ডাক্টর

Published:

Telengana

সৌভিক মুখার্জী, কলকাতা: মানবতার এক বড় উদাহরণের সাক্ষী থাকল তেলেঙ্গানা (Telangana)। ভুলবশত হজযাত্রী এক দম্পতি নামার সময় বাসেই টাকার ব্যাগ ফেলে রেখে আসেন। তবে সেই সরকারি বাসের মহিলা কন্ডাক্টরের সহায়তায় তিনি সেই ৩ লক্ষ টাকা ফেরত পেয়েছেন। কার্যত আশাই ছেড়ে দিয়েছিলেন ওই দম্পতি। তবে সততার অনন্য নজির গড়লেন তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ওই মহিলা কন্ডাক্টর।

ফেরত পেলেন ৩ লক্ষ টাকা

সূত্রের খবর, শনিবার শাদনগরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী জাহাঙ্গীর তাঁর স্ত্রীকে নিয়ে বাসে করে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাঁদের গন্তব্য ছিল পবিত্র হজযাত্রা। এমনকি এর জন্য সাথে করে নগদ ৩ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। একটি মাত্র ব্যাগের ভিতরেই ছিল ওই নগদ টাকা। গন্তব্যে পৌঁছনোর পর তাড়াহুড়োয় আফজলগঞ্জ স্টপেজে বাস থেকে নামার সময় ওই দম্পতি তাঁদের টাকার বাসটি বাসের সিটেই ফেলে রেখে নেমে যান। এমনকি বাস থেকে নেমে তাঁরা নামপল্লীর দিকে এগোতেও শুরু করেন।

তবে যাওয়ার পথেই হঠাৎ এই দম্পতি বুঝতে পারেন যে টাকার ব্যাগটি তাঁদের সঙ্গে নেই। কার্যত দিশেহারা হয়ে পড়েন দু’জন। জীবনের সমস্ত সঞ্চয় এক করে পবিত্র হজযাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। তবে গুরুত্বপূর্ণ এই সফরের আগে এত বড় ধাক্কা খেয়ে আতঙ্কে ভেঙে পড়েন ওই দম্পতি। টাকা ফিরে পাওয়ার ক্ষীণ আশা নিয়েই ফের তাঁরা বাসস্ট্যান্ডের দিকে ছুটে যান। অন্যদিকে ওই বাসের মহিলা কন্ডাক্টর সরিতা ডিউটি করার সময় আচমকা সিটের উপর একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে সেটি খুলে বিপুল পরিমাণ নগদ টাকা দেখতে পান।

আরও পড়ুন: তারাপীঠ মন্দিরে বড় বদল, VIP কুপনের বদলে শুরু অনলাইনে বুকিং, কীভাবে করবেন?

তবে নিজের ভিতর বিন্দুমাত্র লোভ না করে তিনি তৎক্ষণাৎ বাস চালক নরসিমুলুকে বিষয়টি জানান এবং টাকার মালিক ফিরে না আসা পর্যন্ত ব্যাগটি নিজেদের কাছেই রেখে দেন। এদিকে আতঙ্কিত ও বিধ্বস্ত অবস্থায় জাহাঙ্গীর এবং তাঁর স্ত্রী বাসস্ট্যান্ডে ফিরে এলে বাস কর্মীদের সঙ্গে তাঁদের কথোপকথন হয়। তখন কন্ডাক্টর এবং চালক উপযুক্ত প্রমাণ যাচাই করেই ৩ লক্ষ টাকা সমেত ব্যাগটি দম্পতির হাতে ফিরিয়ে দেন। আশা ছেড়ে দিয়েও ওই টাকা ফেরত পাওয়ায় বাস চালক ও কন্ডাক্টরকে নতমস্তকে প্রণাম জানিয়েছেন ওই দম্পতি।