বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেসরকারি সংস্থার হাতে চলে যাচ্ছে ISRO? দেশের মহাকাশ গবেষণা সংস্থা পরিচালনা করবে এবার এক শিল্প গোষ্ঠী! এমন নানান জল্পনা বেড়েছিল বিগত কয়েকদিনে। সোশ্যাল মিডিয়ায় ISRO প্রসঙ্গে ছড়িয়েছিল নানান গুজব। এবার সেসব নিয়েই মুখ খুলল কেন্দ্রীয় সরকার (Central Government)। ISRO-র তরফে একেবারে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল, কোনও দিনই বেসরকারিকরণ হবে না ISRO-র। বরং এই সরকারি সংস্থা মহাকাশ প্রযুক্তি এবং গবেষণার কেন্দ্রবিন্দু হিসেবেই থাকবে। এই মহাকাশ গবেষণা সংস্থার গুরুত্ব মোটেই কমছে না বলেও জানানো হয়েছে ওই ঘোষণাপত্রে।
ISRO-র বড় ঘোষণা
কেন্দ্রীয় সরকার তথা ISRO-র নতুন ঘোষণা অনুযায়ী, ভারতের মহাকাশ ইকো সিস্টেমের পরিসর এবং কাঠামোর পরিবর্তন হচ্ছে। এক কথায় স্টার্টআপ, শিল্প এবং বেসরকারি সংস্থাগুলিকে সঙ্গে নিয়েই আরও জোর কদমে এগোতে চাইছে ভারতীয় মহাকাশ ক্ষেত্র বা স্পেস সেক্টর। অর্থাৎ বিগত দিনগুলিতে দেশের মহাকাশ গবেষণা সংস্থার বেসরকারিকরণ নিয়ে যে জল্পনা বেড়েছিল তা একেবারেই অযৌক্তিক এবং ভিত্তিহীন বলেই জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।
তাহলে বেসরকারি সংস্থা কী কাজ করবে?
আসলে 2020 সালে শুরু হওয়া স্পেস সেক্টর সংস্কার এবং ইন্ডিয়ান স্পেস পলিসি 2023 এর পরপরই ভারতের মহাকাশ গবেষণা খাতে বেসরকারি সংস্থার অংশগ্রহণ বেড়েছে। এর ফলে অনেকেরই ধারণা ছিল হয়তো ISRO বেসরকারি সংস্থার হাতে চলে যাচ্ছে। তবে সরকার সেই ধারণা পুরোপুরি উড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন থাকে, তাহলে এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির ভূমিকা কী?
কেন্দ্রীয় সরকারের মতে, ISRO কে কাজে সরাসরি সহযোগিতা করা নয় বরং আরও উন্নত এবং উচ্চ স্তরের গবেষণার ক্ষেত্রে ISRO কে আরও বেশি করে মনোনিবেশ করার সুযোগ তৈরি করে দেওয়াই এই সংস্কারের লক্ষ্য। সহজ ভাষায়, নতুন প্রযুক্তি উদ্ভাবন থেকে শুরু করে মানব মহাকাশযাত্রা, ডিপ স্পেস মিশন, বাণিজ্যিকভাবে স্যাটেলাইট তৈরি, লঞ্চ ভেহিকেল উৎপাদন, উন্নত সেন্সর বা প্রপালশনের ক্ষেত্রে ISRO গবেষণা করবে এবং শিল্প এই প্রযুক্তি বা উদ্ভাবনকে বাজারে পৌঁছে দেবে।
Clarification regarding media reports on concerns relating to Space Sector Reforms and the role of ISRO
ISRO’s Next Chapter: Leading India’s National Space Ecosystem
There has been considerable reporting in parts of the media around the future role of ISRO including speculations…— ISRO (@isro) September 6, 2026
আরও পড়ুন: ফের ঘন ঘন দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ! বড় পরিকল্পনা ICC-র
প্রসঙ্গত, গোটা দেশের অর্থনীতি বৃদ্ধির পাশাপাশি বিশেষত আগামী কিছু বছরে ভারতকে বিশ্বের অন্যতম বৃহৎ মহাকাশ অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে সব রকম পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর এই লক্ষ্যেই গবেষণা থেকে বেসরকারি বিনিয়োগ, উৎপাদন এবং বৈশ্বিক প্রতিযোগিতাকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাইছে ISRO তথা কেন্দ্র।










