ফের ঘন ঘন দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ! বড় পরিকল্পনা ICC-র

Published:

Ind Vs Pak ICC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ মানেই একটা আলাদা উন্মাদনা। ঠিক সে কারণেই যাতে ঘন ঘন এশিয়ার এই দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে পারে সেই পরিকল্পনাই করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council)। রিপোর্ট অনুযায়ী, ভারত এবং পাকিস্তান যেহেতু একটা দীর্ঘ সময় দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি, তাই ত্রিদেশীয় বা চতুর্দশীয় অর্থাৎ বহু জাতিক টুর্নামেন্টের মাধ্যমে এই দুই দলের ম্যাচ আয়োজন করতে চাইছে ICC। আর বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামীতে অল্প সময়ের ব্যবধানে ভারত এবং পাকিস্তানের ম্যাচ দেখার সৌভাগ্য হবে ভক্তদের।

ভারত এবং পাকিস্তানকে নিয়ে ICC-র নয়া পরিকল্পনা

মূলত রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত এবং পাকিস্তান যেহেতু একটা দীর্ঘ সময় দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করেনি, ঠিক সে কারণেই বহুজাতিক টুর্নামেন্টের মাধ্যমে এই দুই দলকে মুখোমুখি দাঁড় করাতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ICC আগামী 22 ও 23 সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিউচার ট্যুরস প্রোগ্রাম বৈঠকে এই বিশেষ প্রস্তাব পেশ করতে পারে। জানা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই বৈঠকে অংশ নিতে চলেছেন 12টি খেলুড়ে দেশ এবং আটটি সহযোগী দেশের প্রতিনিধিরা।

বলাই বাহুল্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা ACC টুর্নামেন্টের বাইরে শেষবারের মতো 2012 সালের ডিসেম্বর মাস এবং 2013 সালের জানুয়ারিতে পাকিস্তান দল দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য ভারতে এসেছিল। এরপর থেকে দীপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করেনি এই দুই দল। তবে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ অন্যান্য ICC টুর্নামেন্টে মুখোমুখি হতে দেখা গিয়েছে এই দুই দলকে।

আরও পড়ুন: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? কবে মিলবে জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী

ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশে আশা, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় সেক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা থাকলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে ঘন ঘন ম্যাচ আয়োজিত হতে পারে। সমস্ত বাধা কাটিয়ে বছরে বেশ কয়েকবার এশিয়ার এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মহারণ দেখার সুযোগ হতে পারে ক্রিকেট ভক্তদের। এখন দেখার, শেষ পর্যন্ত ICC-র পরিকল্পনা কতদূর এগোয়!