প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন মাস পড়তে না পড়তেই অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে ফের চর্চা শুরু হয়েছে রাজ্যের মহিলা উপোভোক্তাদের মধ্যে। ইতিমধ্যে জুন, জুলাই ও আগস্টের টাকা দেওয়া হয়ে গিয়েছে যোগ্য ও অনুমোদিত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে। এবার পালা সেপ্টেম্বর (Annapurna Yojana September) মাসের। কিন্তু অভিযোগ দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গেলেও এখনও অনেকে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা (Annapurna Yojana Payment) পায়নি। এই নিয়ে ফের অভিযোগ উঠে এসেছে, এমতাবস্থায় অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী মালতী রাভা রায়।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল রবিবার কোচবিহার রাসমেলা মাঠ পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী মালতী রাভা রায়। সেখানে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের অনুদান নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান যে, “অপেক্ষা করুন। আগামী ১৭ তারিখ তো বলাই হয়েছে। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সেদিনই আমরা অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করব।” অর্থাৎ মন্ত্রীর স্পষ্ট ইঙ্গিত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে মিলবে টাকা। তাঁর কথায়, “দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে মিলবে ওই টাকা। অযোগ্যদের নাম বাদ দেওয়া এবং যোগ্যদের নাম তোলার জন্য সময় লাগছে, যোগ্য কেউই বঞ্চিত হবেন না।”
এখনও চলছে যাচাই প্রক্রিয়া
সরকার পর্যায়ক্রমে এই প্রকল্পের অর্থ যোগ্য গ্রহীতাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন ঠিকই কিন্তু রাজ্যে এমন অনেক উপভোক্তা এখনও আছে, যাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য শুরুতে আবেদন করলেও এখনও জুন, জুলাই এবং আগস্টের টাকা পায়নি। এই ব্যাপারে উপভোক্তা তালিকায় নতুন নাম সংযোজনের বার্তা দিয়ে মন্ত্রী বলেন, “ধৈর্য্য ধরুন, সংযোজন হবে। আপনারা দেখেছেন আমরা প্রথমে ১২ হাজার কোটি টাকা এবং তারপর ৩৬ হাজার কোটি টাকা দিয়েছি। সোমবার ক্যাবিনেট বৈঠক হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে আলোচনা হতে পারে। সঙ্গে পুজোর অনুদান নিয়েও চূড়ান্ত কিছু হতে পারে।”
আরও পড়ুন: সকাল সকাল ED-র হানা কলকাতায়, তালা পড়ল তৃণমূলের সাংসদের সংবাদপত্রের অফিসে
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর এবছর একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বিজেপি সরকার। সামনেই গণেশ এবং বিশ্বকর্মা পুজো। তারপর মহালয়া এবং দুর্গোৎসব। আর এই পুজোকে ঘিরে একের পর এক পরিকল্পনা করে চলেছে প্রশাসন। ইতিমধ্যেই মহালয়ায় ইডেনে দুর্গাপুজোর মেগা অনুষ্ঠানে নিয়েও নানা চর্চা শুরু হয়েছে। অন্যদিকে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর এবছর প্রথম কোচবিহার রাসমেলা। নভেম্বরের চতুর্থ সপ্তাহে হবে সেই ঐতিহ্যবাহী রাসমেলা, তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ব্যবসায়ী সংগঠনকে নিয়ে একপ্রস্থ বৈঠকও হয়েছে জেলা প্রশাসনের।










