অনন্যা সরকার, কলকাতা: সোমবার ভোরের আলো ফুটতে না ফুটতেই সক্রিয় হল ইডি (Enforcement Directorate / ED)। এবার নাদিমুল হকের অফিসে অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি (ED Raid)। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ। সূত্র মারফৎ জানা গেছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পার্ক সার্কাসে ‘আখবার-এ-মাশরিক’ নামে একটি উর্দু পত্রিকার অফিসে অভিযান চালিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকাটি। এমনকি, ইডির আধিকারিকরা অফিসের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন, যাতে কেউ ঢুকতে বেরোতে না পারে।
কেন ইডির হানা নাদিমুল হকের অফিসে?
মহম্মদ নাদিমুল হক ওই উর্দু দৈনিক পত্রিকা, ‘আখবার-এ-মাশরিক’-এর বিজনেস ডিরেক্টর। পেশাগতভাবে সাংবাদিক ও লেখক হওয়ার পাশাপাশি, তিনি ভারতের রাজনৈতিক ক্ষেত্রেও একজন পরিচিত মুখ। তৃণমূল কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা নাদিমুল এবং তিনি ২০১২ সাল থেকে রাজ্যসভার সাংসদ পদে রয়েছেন।
এছাড়া তিনি পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির সঙ্গেও যুক্ত রয়েছেন। সংসদের ভেতরে ও বাইরে – দুই জায়গাতেই তাঁকে দীর্ঘ সময় ধরে উর্দু ভাষার উন্নয়ন ও সংরক্ষণের পক্ষে জোরালো ভূমিকা পালন করতে দেখা গেছে। আজ সকালে সেই নাদিমুল হকের উর্দু পত্রিকার অফিসে অভিযান চালিয়েছে ইডি। বর্তমানে কেন্দ্রীয় বাহিনী পুরো চত্বরটি ঘিরে ফেলেছে। মেন গেটে তালা লাগিয়ে অফিসের ভিতরে ইডি কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন।
আরও পড়ুন: ট্রেনে আর থাকবে না উপচে পড়া ওয়েস্ট বিন, রেল তৈরি করছে নতুন গারবেজ ডিসপোজাল সিস্টেম
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অবৈধ লেনদেনের ভিত্তিতে তৃণমূলের সাংসদের সংবাদপত্রের কার্যালয়ে এই অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঙ্গতি না পাওয়া লেনদেনের হিসেব নিতেই ইডি-এর হানা। ‘আখবার-এ-মাশরিক’ সংবাদপত্রটি কলকাতা ছাড়াও আসানসোল, শিলিগুড়ি, রাঁচি, দিল্লি, লখনউ ভোপাল এবং শ্রীনগর থেকে নিয়মিত প্রকাশিত হয়। ইডি নাদিমুল হককেও এবিষয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে শোনা যাচ্ছে।










