সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের সুবিধার্থে একের পর এক কাজ করেই চলেছে রেল। এবারেও যার ব্যতিক্রম ঘটবে না। রেলের তরফে এখন ধানবাদ-গয়া রুটে (Dhanbad Gaya Railway Route) ২৪২ কিমি অবধি নতুন দুটি রেল লাইন তৈরি করার রাস্তা পরিষ্কার করা হয়েছে। রেলের নতুন পরিকল্পনার ফলে হাওড়া-নয়া দিল্লি (Howrah New Delhi) বেশ খানিকটা প্রভাবিত হবে। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
ধানবাদ-গয়া রুটে ২৪২ কিমি নতুন রেললাইন!
রেল সূত্রে জানা গিয়েছে, ধানবাদ-কোডারমা-গয়া সেকশনে ২৪২ কিলোমিটার দীর্ঘ তৃতীয় ও চতুর্থ রেললাইন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। এই প্রকল্পের ফলে হাওড়া-নয়া দিল্লি গ্র্যান্ড কর্ড সেকশনে ট্রেন চলাচল কমবে এবং আধুনিক সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা বাড়বে। চিরাইলা-পোথু হয়ে পাহাড়পুর থেকে কোডারমা পর্যন্ত অতিরিক্ত ২৪২ কিলোমিটার লাইন নির্মাণ করা হবে।
আরও পড়ুনঃ অনলাইনে টিকিট কেটে ভুলেও করবেন না এই ভুল! হবে দ্বিগুণ জরিমানা, জানাল রেল
এই রুটে ১০০টিরও বেশি যাত্রীবাহী ট্রেন যেমন বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী, দুরন্ত এবং অনেক মালবাহী ট্রেন চলাচল করে। নতুন লাইন নির্মাণের ফলে বিদ্যমান ট্র্যাকগুলিতে যানজট কমবে, পরিচালন দক্ষতা বাড়বে, ট্রেনের সময়ানুবর্তিতা উন্নত হবে এবং নতুন ট্রেন চালানোর সম্ভাবনাও বৃদ্ধি পাবে। আধুনিক সিগন্যালিং ব্যবস্থা নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা আরও উন্নত করবে। আখেরে লাভ যাত্রী এবং রেল দুইয়েরই হবে।
উপকৃত হবেন যাত্রীরা
অতিরিক্ত দুটি রেললাইন চালু হলে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের জন্য পৃথক ট্র্যাক ব্যবস্থাপনা আরও সহজ হবে। ফলে ট্রেন চলাচলে অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি নতুন ট্রেন চালানোর সুযোগও বাড়বে। বর্তমানে ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে যে সমস্যা রয়েছে, নতুন লাইন চালু হলে তা অনেকটাই কমবে। এর ফলে ভবিষ্যতে যাত্রী চাহিদা অনুযায়ী আরও ট্রেন চালানো সম্ভব হবে। নতুন রেললাইনের পাশাপাশি আধুনিক সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।










