অনন্যা সরকার, কলকাতা: প্রায়শই রেলযাত্রীদের মধ্যে অসংরক্ষিত বা জেনারেল টিকিট (Unreserved Ticket) সংক্রান্ত একটি বড় বিভ্রান্তি দেখা যায়, যার জন্য তাদের সমস্যার মুখেও পড়তে হয়। এবার এই বিভ্রান্তি দূর করে ভারতীয় রেল (Indian Railways) স্পষ্ট করেছে যে, কোনও যাত্রী যদি হোয়াটসঅ্যাপে (WhatsApp) জেনারেল টিকিট বা টিকিটের স্ক্রিনশট দেখান, তাহলে তাঁকে বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে। আসুন এই বিষয়টি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।
ডিজিটাল টিকিট নিয়ে আরও কড়া রেলের
পশ্চিম রেলওয়ের কোটা বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সৌরভ জৈন জানিয়েছেন যে, একমাত্র রেল ওয়ান (Rail One) অ্যাপের মাধ্যমে বুক করা জেনারেল টিকিটই বৈধ ও তা কেবল রেজিস্টার করা নির্দিষ্ট ফোনেই প্রযোজ্য হবে এবং টিকিটটি অবশ্যই অ্যাপটি খুলে দেখাতে হবে। তিনি এও জানান যে, যদি কোনও ব্যক্তি অন্য একটি ফোনে জেনারেল টিকিট বুক করে এবং হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও অ্যাপের মাধ্যমে তা শেয়ার করেন, তবে সেটি বৈধ হবে না। এছাড়াও, কেউ যদি টিকিটের স্ক্রিনশটও দেখান, তবে সেটিও বৈধ বলে বিবেচিত হবে না।
সৌরভ জৈন পরামর্শ দিয়েছেন যে, কোনো যাত্রী যদি জেনারেল টিকিটে ট্রেনে যাত্রা করেন, তবে টিকিট বুক করার জন্য ব্যবহৃত ফোনটি যাত্রাপথে সঙ্গে রাখা উচিত এবং যাত্রীদের শুধুমাত্র তার রেজিস্টার্ড নম্বরটি ব্যবহার করেই বুকিং করতে হবে। এই নিয়মগুলি মেনে চললে বড় অঙ্কের জরিমানার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
আরও পড়ুন: হাওড়ার দুই গুরুত্বপূর্ণ রাস্তায় নিষিদ্ধ হল টোটো চলাচল
রেল কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়েছে যে, বোর্ডিং স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের বুকিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অন্যথায় টিকিটটি বৈধ বলে বিবেচনা করা হবে না। কোনো যাত্রীকেই টিকিট ছাড়া ট্রেনে উঠতে পারবেন না এবং টিকিট পরীক্ষক কর্মীদের দেখে সেইসময় মোবাইল ফোনে কোনও আনরিসার্ভড টিকিটও কাটতে পারবেন না।
একইভাবে, অন্য কারও মোবাইল ফোন থেকে টিকিট কেটে তার স্ক্রিনশট দেখালে, তা রেলের নির্ধারিত ডিজিটাল টিকিটিংয়ের শর্ত পূরণ করে না। এছাড়া, টিকিট পরীক্ষককে ডিজিটাল টিকিট দেখানোর জন্য মোবাইল ফোনটিকে অবশ্যই অন রাখতে হবে এবং এতে পর্যাপ্ত চার্জ থাকতে হবে। ওই রেল কর্মকর্তা আরও জানিয়েছেন যে, বৈধ টিকিট ছাড়া বা অনিয়মিত টিকিট নিয়ে ভ্রমণের জন্য সর্বনিম্ন জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে, যা গত ১৯ জুন থেকে কার্যকর হয়েছে।










