হাওড়ার দুই গুরুত্বপূর্ণ রাস্তায় নিষিদ্ধ হল টোটো চলাচল

Published:

Toto Banned in Howrah

অনন্যা সরকার, হাওড়া: রাজ্যের বিভিন্ন জেলায় টোটোর (Toto) দৌরাত্ম্য নিয়ে জেরবার বাস, গাড়িচালক থেকে শুরু সাধারণ পথচারী পর্যন্ত। প্রায়শই ব্যস্ত রাস্তাগুলিতে অত্যধিক যানজটের কারণও হয়ে ওঠে এই টোটোগুলোই। তাছাড়া, যত্রতত্র গজিয়ে ওঠা টোটো স্ট্যান্ডগুলিও প্রশাসনের মাথাব্যথার কারণ। এমতাবস্থায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল সম্পূর্নভাবে বন্ধ (Toto Ban) করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেমন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে ‘টোটোর শহর’ হাওড়ার দুটি প্রধান রাস্তা – জিটি রোড এবং ফোরশোর রোডে টোটো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

হাওড়ার দুই গুরুত্বপূর্ণ শহরে বন্ধ টোটো চলাচল

জিটি রোড এবং ফোরশোর রোড – দুটি রাস্তাই হাওড়া শহরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই সড়কগুলি দিয়ে অসংখ্য মানুষ ও অন্য বাড়ি গাড়ি যাতায়াত করে। বৃহস্পতিবার থেকে এই দুই রাস্তাতেই নিষিদ্ধ করা হয়েছে টোটো চলাচল। এক টোটো মালিক জানাচ্ছেন, চালকদের টোটোগুলোকে স্থানীয় গলি এবং ছোট রাস্তার মধ্যেই সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে হাওড়া জেলা প্রশাসন।

কিন্তু এখানে সমস্যা হলো বিকল্প ব্যবস্থা। এই টোটোগুলি যেমন যানজটের অন্যতম কারণ, তেমনি বহু নিত্যযাত্রী এই তিন চাকার বৈদ্যুতিক যানটির ওপর নির্ভর করেন। জানা গেছে, জিটি রোড বা ফোরশোর রোড – দুটি রাস্তাতেই কোনও সরকারি বাস চলাচল করে না, অন্যদিকে বেসরকারি বাসের সংখ্যা সীমিত এবং সেগুলো টোটোর মতো ঘনঘন পাওয়াও যায় না। 

আরও পড়ুন: অবশেষে চালু হতে চলেছে কলকাতা-বেঙ্গালুরু এসি স্লিপার বাস, রুট ও সময়সূচি জেনে নিন

এর ফলে সমস্যায় পড়বেন সাধারণ যাত্রীরাই। হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান মেট্রোতে যাতায়াত করা যাত্রীদের জন্য এটি শেষ গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে একটি বড় সমস্যা তৈরি করতে পারে। যদিও, আশা করা হচ্ছে নির্দিষ্ট রাস্তা, রুট বা টোটো চলাচলের সীমানা নিয়ে আলোচনার মাধ্যমে এর একটা কোনও উপায় বেরিয়ে আসবে। তবে আপাতত নিত্যযাত্রীদের কিছুটা হলেও দুর্ভোগ পোহাতে হতে পারে।