বিক্রম ব্যানার্জী, কলকাতা: SIR নিয়ে গোটা দেশে ব্যাপক সমালোচিত নির্বাচন কমিশন (Election Commission Of India)। এই এক ইস্যুতে বাকি দুই নির্বাচন কমিশনারের আপত্তির খবর সামনে আসতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে রাস্তায় নেমেছে বিরোধীরা। বিক্ষোভ দেখিয়েছে আরশোলারাও। ঠিক সেই পরিস্থিতিতে বাংলা সহ মোট 17টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল সামারি রিভিশন বা SSR এর ঘোষণা করল নির্বাচন কমিশন (ECI SSR)। ঠিক কোন উদ্দেশ্যে করা হবে এই SSR? ফের তাহলে কি নাম বাদ যাবে অনেকের?
SSR করার ঘোষণা নির্বাচন কমিশনের
এতদিন বাংলা তথা অন্যান্য রাজ্যে হয়েছে SIR। যার মূল উদ্দেশ্য ভোটার তালিকার নিবিড় সংশোধন। এই বিশেষ প্রক্রিয়ায় একাধিক অবৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ার পাশাপাশি বাদ গিয়েছে কিছু বৈধ ভোটারের নাম। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তবে নির্বাচন কমিশন নতুন করে যে SSR এর ঘোষণা করেছে তাতে নাম বাদ যাবে না বরং নতুন ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কমিশনের তরফে। একই সাথে বাদ পড়া ভোটারদের নামও এই প্রক্রিয়ার মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত করবে ECI।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে কিংবা যাঁরা একেবারে নবীন অর্থাৎ নতুন ভোটার তাঁদের নামই একেবারে নিজস্ব উদ্যোগে ভোটার তালিকায় যুক্ত করবে কমিশন। আর সেটা হবে SSR প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ায় যেসব ভোটাররা যোগ্য কিন্তু তালিকা থেকে বাদ পড়েছেন তাঁদের খুঁজে বের করে ফর্ম 6 পূরণ করাবেন BLO-রা। এবার একেবারে কমিশনের তরফে বাড়িতে বাড়িতে গিয়ে যোগ্য ভোটারদের নাম তালিকাভুক্ত করা হবে।
আরও পড়ুন: ভবিষ্যতে ভারতের অধিনায়ক হতে পারেন এই ৩ প্লেয়ার, তালিকায় বৈভবও
জানা যাচ্ছে, BLA-রা একদিনে সর্বোচ্চ 10টি করে ফর্ম BLO এর কাছে জমা দিতে পারবেন। কমিশনের তরফে জানানো হয়েছে, 2027 সালের পহেলা জানুয়ারি পর্যন্ত যাঁরা ভোট দেওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন তাঁদের নামই ভোটার তালিকায় যুক্ত করা হবে এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। সেক্ষেত্রে খসড়া তালিকা প্রকাশিত হতে পারে 12 নভেম্বর। অন্যদিকে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে জানুয়ারি মাসের 4 তারিখ। জানিয়ে রাখা প্রয়োজন, বাংলা, বিহার সহ যেসব রাজ্যে ইতিমধ্যেই SIR হয়ে গিয়েছে এমনকি যেখানে বর্তমানে SIR প্রক্রিয়া চলছে সেই সব রাজ্যকে SSR প্রক্রিয়া আওতায় আনা হবে। তবে কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে তার চূড়ান্ত দিনক্ষণ শীঘ্রই জানিয়ে দেবে কমিশন।










